গুলশানে আগুনে পুড়ল রেস্তোরাঁ
রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁ আগুনে পুড়ে গেছে।
শনিবার রাত সোয়া ৯টার দিকে ইউনিমার্ট ভবনের তিন তলায় আগুন লাগার পর পৌনে এক ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশীষ বর্ধন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
হতাহতের কোনো ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, রেস্টুরেন্টের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত।
“রাতে রাস্তা ফাঁকা থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়, তা না হলে আগুন অন্য ফ্লোরে ছড়িয়ে পড়তে পারতো।”
গুলশান ২ নম্বরে ইউনিমার্ট ভবনটি ১৪ তলা জানিয়ে দেবাশীষ বলেন, “সিলিং ছাড়াও রেস্টুরেন্টের কিছু জিনিসপত্র পুড়ে গেছে।”
আগুনের পর আতংক ছড়িয়ে পড়ায় ধোঁয়ার মধ্যে বের হওয়ায় সময় হুড়াহুড়িতে কয়েকজন আঘাত পেলেও হাসপাতালে যাওয়ার মত কারো অবস্থা হয়নি বলে পুলিশ জানায়।
গুলশান থানার ওসি আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন অল্প সময় ছিল। দমকল বাহিনী দ্রুত এসে নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
