বড় প্রজেক্ট করেন, কিন্তু ময়লা ফেলার জায়গা নাই: আতিকুল
রাজধানীতে আবাসন ও স্থাপনার বড় বড় প্রকল্পে ময়লা ফেলার পর্যাপ্ত জায়গা ও গণশৌচাগারের ব্যবস্থা না রাখায় নির্মাতাদের সমালোচনা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, “টাকা থাকলেও জায়গার অভাবে ময়লার ভাগাড় ও গণশৌচাগার বানানো যাচ্ছে না। আমার কাছে এখনও যে ফান্ড আছে তা দিয়ে ঢাকায় ৩৫টি পাবলিক টয়লেট করা যাবে।
“আমাদের কাউন্সিলরসহ এমন কোনো জায়গা নেই যেখানে আমি বলিনি পাবলিক টয়লেট করবে হবে, এসটিএস করতে হবে। কিন্তু পাওয়া যায়নি।”
আতিকুল বলেন, “বিভিন্ন আবাসিক প্রকল্পের সুন্দর সুন্দর ছবি দেখানো হয়। জমির দাম বাড়লে খেলার মাঠও বিক্রি করে দেন ডেভেলপাররা।
“আপনারা ডেভেলপাররা এত বড় বড় প্রজেক্ট করছেন, কিন্তু ময়লা ফেলার এসটিএস করার জন্য কেউ আমাকে পাঁচ কাঠা জায়গা দিচ্ছেন না। একইভাবে টয়লেট করার জন্য একটু জায়গা দরকার, তাও পাচ্ছি না।”
ঢাকা উত্তরের মেয়র বলেন, ঢাকার বেশিরভাগ বাড়িতে সেপটিক ট্যাংক নেই। পয়োঃবর্জ্য ফেলা হচ্ছে লেকে এবং খালে। অভিজাত এলাকার বিভিন্ন বাড়িতে চিঠি দেওয়া হয়েছে।
“আগামী ৬ মাসের মধ্যে প্রতিটি বাড়িতে সেপটিক ট্যাংক বসাতে হবে। সেপটিক ট্যাংক না করে সিটি করপোরেশনের লাইনে বর্জ্য ফেললেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভূমিজ ও ওয়াটার এইডের আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত।
ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ইসডোর পরামর্শক অতুল কুমার মজুমদার, ডিএসকের পরিচালক এম এ হাকিম বক্তব্য দেন।
