২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রগতি সরণিতে শিশুর মৃত্যু: রাইদা পরিবহনের চালক ও সহকারীর স্বীকারোক্তি

ঢাকার প্রগতি সরণিতে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুর মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনের মামলায় রাইদা পরিবহনের গাড়িচালক ও তার সহকারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2021, 12:08 AM

Updated : 02 Aug 2022, 06:36 PM

দুই দিনের রিমান্ড শেষে চালক মো. রাজু মিয়া ও সহকারী ইমরান হোসেনকে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের  স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক হাসান পারভেজ।

পরে মহানগর হাকিম  মামুনুর রশীদ আসামি রাজু মিয়ার এবং মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আসামি ইমরান হোসেনের জবানবন্দি রেকর্ড করেন।

পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রনপ কুমার ভক্ত জানান।

গত ১৪ নভেম্বর এ দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত।

যমুনা পার্কের সামনে চলন্ত বাস থেকে নামতে গিয়েই শিশুটির মৃত্যু: র‌্যাব  

গত ৯ নভেম্বর সকালে যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ১০/১১ বছরের একটি শিশুটিকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যু নিয়ে সোশাল মিডিয়ায় নানা ধরনের আলোচনা দেখে তদন্তের উদ্যোগ নেয় র‌্যাব। পরে গাজীপুরের টঙ্গী এবং পাশের আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে বাস চালক রাজু মিয়া এবং তার সহকারী ইমরানকে গ্রেপ্তার করা হয়।

নিহত মেয়েটি কখনও রাস্তায় ফুল বিক্রি, কখনও লিফলেট বিলি, কখনও সাহায্য চেয়ে চলত বলে জানিয়েছে র্যাব। খিলক্ষেত থানার কুড়াতলী এলাকায় বাবা-মার সঙ্গে থাকত সে।

দুজনকে গ্রেপ্তারের পর গত ১৩ নভেম্বর র‌্যাবের এক সংবাদ সম্মেলনে বলা হয়, যমুনা ফিউচার পার্কের সামনে ওই শিশুটি রাইদা পরিবহনের ওই বাসে উঠেছিল অর্থ সাহায্য চাইতে। এসময় ইমরান যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছিলেন।

মেয়েটিকে দেখে তাকে নামিয়ে দিতে চালককে গাড়ির গতি কমাতে বলেন ইমরান। তাতে বিরক্ত হয়ে চালক গাড়ির গতি কিছুটা কমালে শিশুটি তাড়াহুড়া করে নামতে যায়। তখন চালক জোরে চালাতে শুরু করলে শিশুটি বাসের দরজার থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়।

শিশুটির বাবা পরে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন। বাসচালক রাজু এবং তার সহকারী ইমরানকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় ভাটারা থানার পুলিশ।