২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের সঙ্গে দোরাইস্বামীর বৈঠক

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2021, 07:26 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

বুধবার তার সঙ্গে আলোচনায় দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের কথা স্পিকার বলেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সংসদ ভবনে তার দপ্তরে গিয়েছিলেন ভারতীয় হাইকমিশনার।

শিরীন শারমিন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে।

“পীরগঞ্জসহ সারা দেশের বিভিন্ন মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে। পীরগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের বাসস্থান ও অন্যান্য সুবিধা নিশ্চিত করেছে।”

এবারে দুর্গাপূজার মধ্যে বিভিন্ন স্থানে হিন্দুরা আক্রান্ত হয়েছিলেন। স্পিকারের নির্বাচনী এলাকা পীরগঞ্জেও জেলেপল্লীতে হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ডিসেম্বর অনুষ্ঠেয় মৈত্রী দিবস, এদেশে নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েও তাদের আলোচনা হয়।

স্পিকার শিরীন শারমিন বলেন, “কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারত যৌথভাবে ৬ ডিসেম্বর ’মৈত্রী দিবস’ উদযাপন করতে যাচ্ছে, যা বাংলাদেশ-ভারতের অকৃত্রিম বন্ধুত্বের দৃষ্টান্ত। ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ-ভারত একে অপরের পরিপূরক।”

শিরীন শারমিন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ভারতের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।

পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন হাই কমিশনার।