একাব্বরের মৃত্যুতে সংসদে শোক
টাঙ্গাইলের মির্জাপুর আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
বুধবার সংসদের বৈঠকের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উত্থাপন করেন। সেই প্রস্তাবের ওপর আলোচনা শেষে তা গ্রহণ করা হয়। শোকপ্রস্তাব তোলার সময় স্পিকার একাব্বর হোসেনের জীবনী পাঠ করেন।
চলমান সংসদের কোনো সংসদ সদস্য মারা গেলে সংসদের বৈঠকের শুরুতে শোক প্রস্তাব তোলা হয়। পরে তা নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। ওইদিন সংসদের অন্য কার্যক্রম স্থগিত রেখে বৈঠক মুলতবি করা হয়।
বুধবার শোক প্রস্তাব গ্রহণের পর দিনের অন্যান্য কর্মসূচি স্থগিত করেন স্পিকার শিরীন শারমিন।
এর আগে শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জ্যেষ্ঠ সংসদ সদস্য মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরসহ অন্যরা।
আলোচনায় শেখ হাসিনা বলেন, একাব্বর হোসেনের মৃত্যু তার দল ও দেশের জন্য ‘দুঃখজনক’।
আলোচনা শেষে একাব্বর হোসেনের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং মোনাজত করা হয়। মোনাজাত পরিচালনা করে রাজশাহীর বাগমারার সংসদ সদস্য এনামুল হক।
মঙ্গলবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান চারবারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর গত ১৯ অক্টোবর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
১৯৫৬ সালের ১২ জুলাই টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী গ্রামে জন্মগ্রহণ করেন একাব্বর হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন ১৯৭৮ সালে।
ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িত একাব্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতিও ছিলেন।
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক ১৯৯০ সালে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদে তিনি প্রথমবার আইনপ্রণেতা হিসেবে সংসদে আসেন। এরপর ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালেও এমপি নির্বাচিত হন।
