Published : 13 Nov 2021, 10:37 PM
প্যারিস সফর শেষে দেশে ফেরার আগে শনিবার প্রবাসীদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে হত্যাচেষ্টার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “২১ অগাস্ট গ্রেনেড হামলার সাথে তারা যে সরাসরি জড়িত, এটা প্রমাণিত সত্য। আর সেই মামলায় তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামি। এখন সে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক। পলাতক হিসেবে বাইরে বসে দেশের ভেতরে এখনও তার চক্রান্ত শেষ হচ্ছে না। চক্রান্ত সে চালিয়ে যাচ্ছে।
“আমরা এই সব চক্রান্ত মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”
রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাসস জানায়, সংবর্ধনা অনুষ্ঠানে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
দেশে যে ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে, সেখানে তাদের বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রবাসীরা এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করলে তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে।
দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, অতীতে গণতান্ত্রিক সব সংগ্রাম ও আন্দোলনেও প্রবাসী বাংলাদেশিরা সব সময় জনগণের পাশে ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদচিহ্ন অনুসরণ করে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে সক্ষম হওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “তাই, এখন থেকে কেউ আমাদের অবহেলা করতে পারবে না। বিশ্ব অবশ্যই আমাদের সম্মান করবে কেননা আমরা দেশকে এমন উচ্চতায় নিয়ে এসেছি।“
তিনি বলেন, দেশকে বর্তমান অবস্থানে নিয়ে আসার পথে তার সরকারকে বিএনপি-জামায়াত জোটের অগ্নিসংযোগ, তাকে হত্যার জন্য হামলার মত অনেক ‘বাধাবিপত্তি ও ষড়যন্ত্রের’ মুখোমুখি হতে হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে দেশ ও জনগণের অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছে। অথচ অতীতে বিএনপি-জামায়াত চক্র ‘দুর্নীতি ও ঋণ খেলাপির সংস্কৃতি’ চালু করে শুধু নিজেদের ভাগ্য বদলের জন্য অর্থ ‘হাতিয়ে নিয়েছে’।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সামরিক শাসক জিয়াউর রহমান এবং তার পরের সরকারগুলো ক্ষমতা ধরে রাখতে সমাজে একটি ‘অভিজাত শ্রেণি’ সৃষ্টি করে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, “বিচারের নামে জিয়াউর রহমান শত শত সামরিক কর্মকর্তাকে হত্যা করে। নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনরা তাদের লাশও পায়নি। জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এতিমদের অর্থ আত্মসাতের দায়ে আদালতে দণ্ডিত। তাদের পুত্র তারেক রহমান ১০ ট্রাক অস্ত্র মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত।”
দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্ব ব্যাংক এ প্রকল্পের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুললেও পরে তা কানাডার আদালতে ‘ভিত্তিহীন’ প্রমাণিত হয়েছে।
নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে তার সরকারের দৃঢ় পদক্ষেপ বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বিশ্বে আরও ‘উজ্জ্বল করেছে’ বলে তিনি মন্তব্য করেন।
কোভিড মহামারী সফলভাবে নিয়ন্ত্রণে রেখে জীবন ও জীবিকার সুরক্ষার পাশাপাশি দেশের অর্থনীতির চাকা চালু রাখতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও বক্তৃতায় তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “সাধারণ মানুষ, চাকরিজীবী, শিক্ষক ও শিক্ষার্থীসহ সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হয়েছে, যা অনেক উন্নত দেশও করতে পারেনি।”
মহামারীকালে সংক্রমণ থেকে সুরক্ষায় সবাইকে নিয়ম মত মাস্ক পরারও আহ্বান জানান সরকারপ্রধান।
স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার পর লন্ডন ও ফ্রান্স সফরে যান প্রধানমন্ত্রী। শনিবার ফ্রান্সের স্থানীয় সময় বিকালে তিনি দেশের পথে রওনা দিয়েছেন।