ঢাকারও একটি ফটক ছিল
দিল্লিতে গেলে দিল্লি গেইট, প্যারিসে গেলে আর্ক-ডি-ট্রিয়াম্ফ কিংবা বার্লিনে গেলে ব্যান্ডেনবুর্গ গেইট দেখতে ছোটেন পর্যটকরা। বাংলাদেশের রাজধানী ঢাকাতেও ইতিহাসের স্মৃতি জড়ানো এক ফটক আছে; সে কথা কজন মনে রেখেছেন?
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দোয়েল চত্বর থেকে টিএসসি অভিমুখী সড়কের দুদিকে তাকালে চোখে পড়ে লতাপাতা ঘেরা বিবর্ণ দুটি স্থাপনা।
‘মীর জুমলার গেইট’ বা ‘ঢাকা গেইট’ নামে পরিচিত পলেস্তরা খসা জীর্ণ-শীর্ণ ওই স্থাপনা ঢাকা নগরীর সাড়ে তিনশ বছরের ইতিহাসের স্মারক।
অযত্ন-অবহেলায় ধ্বংসের মুখে থাকা ফটকটির মাথার ওপর দিয়ে আর কিছুদিনের মধ্যেই ছুটবে মেট্রোরেল। বিশাল ওই অবকাঠামোর নিচে ঢাকা গেইটকে এখন খুঁজে পাওয়াই ভার।
রেসকোর্সের রমনা গেইট। ব্রিটিশ লাইব্রেরির অনলাইন গ্যালারি থেকে নেওয়া ছবি।
এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ঢাকা কোষে বলা হয়েছে, ঢাকার সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে ফটকটি নির্মাণ করেছিলেন মীর জুমলা।
তবে ইতিহাসবিদ মুনতাসীর মামুন এ ধারণার সঙ্গে একমত নন। তার ‘স্মৃতি-বিস্মৃতির নগরী ঢাকা’ গ্রন্থে দাবি করা হয়েছে, ব্রিটিশ আমলে ঢাকার প্রথম ম্যাজিস্ট্রেট ড’স ১৯২৫ সালের পর রমনার জঙ্গল পরিষ্কার করে রেসকোর্স তৈরি করেছিলেন। মূল শহরের সঙ্গে রেসকোর্সকে যুক্ত করার জন্য ড’স রেসকোর্সের উত্তর পূর্ব দিকে তৈরি করেছিলেন একটি রাস্তা। রাস্তার প্রবেশমুখে দুটি স্তম্ভ তৈরি করেছিলেন। ‘প্রচলিত মত’ অনুসারে এ দুটি স্তম্ভের নাম মীর জুমলা ফটক।
এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ঢাকা কোষের তথ্যমতে, মীর জুমলা ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে ঢাকার সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে ঢাকা গেইট নির্মাণ করেছিলেন। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক একেএম শাহনেওয়াজ মনে করেন এটা মুঘল আমলেই তৈরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঔপনিবেশিক আমলে ঢাকার সীমানা আরও বড় ছিল। তখনই সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, নবাবদের আমলে হয়েছে শাহবাগ। ঔপনিবেশিক আমলে হলে এ গেইট আরও উত্তরে হত।
“তখন যদি এটা নির্মাণ করা হয়ে থাকে, তাহলে দেখা যাবে পেছনেও শহর এবং সামনেও শহর। মাঝখানে তো গেইট হওয়ার কথা নয়। গেইট তো হবে শহরের প্রবেশ পথ। কলোনিয়াল পিরিয়ডে গেইট দিয়ে আলাদা করার প্রবণতা দেখা যায় না। এই গেইট করা প্রবণতা মুঘল আমলেই ছিল।”
মুনতাসীর মামুনের মতে, ওই গেইট ‘দেড়শ বছরের’ পুরনো এবং এর ঐতিহাসিক গুরুত্বও সেভাবে নেই।
ঐতিহাসিক ঢাকা গেইট তিনটি অংশে বিভক্ত। এর পশ্চিমাংশ পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ভবনের পাশে, পূর্বের অংশ সোহরাওয়ার্দী উদ্যানের তিন নেতার সমাধির প্রবেশপথের সামনে এবং মাঝের অংশ পড়েছে দোয়েল চত্বর থেকে টিএসসিগামী সড়ক দ্বীপে। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু
“যেহেতু করে ফেলছে, এখন কিছু করা নেই। তবে ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ করতে হবে।”
মেট্রোরেল সড়কের কারণে ঢাকা গেইট এখন অস্তিত্ব সঙ্কটে পড়েছে মন্তব্য করে অধ্যাপক শাহনেওয়াজ বলেন, “একশ বছরের বেশি পুরনো স্থাপনা প্রত্নতত্ত্ব আইন অনুযায়ী ‘হেরিটেজ’। এটা আমাদের হেরিটেজ। এটা রক্ষার দ্বায়িত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে দেওয়া উচিত।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে প্রত্নতত্ত্ব বিভাগ না থাকলেও এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পাঠদান করা হয়।
এ বিভাগের অধ্যাপক একেএম খাদেমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবশ্যই এটার ঐতিহাসিক গুরুত্ব আছে। এটা ছিল এক সময় ঢাকা নগরীর শেষ প্রান্ত অথবা উত্তর দিকের প্রবেশমুখ। পৃথিবীজুড়ে সব জায়গায় এরকম স্থাপনা সংরক্ষণ করা হয়।
ঢাকা গেইটের মাঝের অংশ ঢাকা পড়েছে মেট্রো রেলের নির্মাণকাজের নিরাপত্তা বেস্টনির ভেতরে। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু
সরকারি গেজেটে প্রকাশিত ঢাকার সংরক্ষিত স্থাপনার তালিকায় মীর জুমলার গেইটের নাম থাকলেও সেটা কেন সংরক্ষণ করা হচ্ছে না সে বিষয় স্পষ্ট কোনো জবাব মেলেনি।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত) রতন চন্দ্র পণ্ডিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা প্রত্নতত্ত্ব অধিপ্তরের গেজেটেড হেরিটেজ। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভেতরে হওয়ায় জায়গা নিয়ে একটু সমস্যা আছে।
“তবে সমস্যাটা কোথায় এটা আমার কাছে ক্লিয়ার নয়। বিষয়টা আমি স্টাডি করে দেখব এবং রক্ষাবেক্ষণে পদক্ষেপ নেওয়া হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “মেট্রোরেল হয়ে গেলে আর কেউ দেখভাল না করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো দেখবে। বিশ্ববিদ্যালয় এরিয়ায় জাতীয় সকল গুরুত্বপূর্ণ স্থাপনা, সেগুলো আমরা সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে রক্ষণাবেক্ষণ করব।”
