২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালতিতে ডুবে আরেক শিশুর মৃত্যু

ঘরের ভেতরে বালতির পানিতে ডুবে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2021, 01:45 AM

Updated : 02 Aug 2022, 06:34 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালীতে রোজা আক্তার নামে ১৪ মাস বয়সী শিশুটি বালতিতে পড়ে মারা যায় বলে জানিয়েছে তার স্বজনেরা।

গণমাধ্যমে প্রকাশত তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১৮টি পৃথক ঘটনায় অন্তত ১৯টি শিশু বালতির পানিতে ডুবে মারা গেছে। এই শিশুদের বেশিরভাগেরই বয়স এক থেকে আড়াই বছরের মধ্যে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যাওয়া শিশুটির মামা সবুজ মিয়া জানান, সন্ধ্যায় রোজার মা লিজা বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বাবা জুবায়ের তখন বাইরে। এ সময় বাথরুমের দরজা খোলা পেয়ে রোজা হাঁটতে হাঁটতে পানি ভর্তি বালতিতে উপুড় হয়ে পড়ে ডুবে যায় বলে তাদের ধারণা।

পরে বালতির মধ্যে নিথর দেহ খুঁজে পান মা। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্বজনেরা।

পরীক্ষার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করলে শিশুটির বাবা একমাত্র মেয়ের লাশ বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন।

ঢাকার এই ঘটনার আগে গত ৭ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জে তিন বছর বয়সী দুটি জমজ শিশু বালতির পানিতে ডুবে মারা যায়।

শিশুদের ডুবে যাওয়া নিয়ে গবেষণায় কার্যরত সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) উপ নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গবেষণায় তারা দেখেছেন পানিতে ডুবে যে শিশুরা মারা যায়, তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশুর মৃত্যু হয় বাড়িতে জমিয়ে রাখা পানিতে ডুবে।

তিনি বলেন, “বহুদিন থেকে এ বিষয়ে ক্যাম্পেইন চলছে, কিন্তু প্রতিবছরই সংখ্যা বাড়ছেই। সচেতনতা ছাড়া এই ধরনের মৃত্যু ঠেকানোর কোনো উপায় নেই।”

আমিনুর রহমানের পরামর্শ, বাড়িতে পানি জমিয়ে রাখতে হলে অবশ্যই বালতি ঢাকনা দিয়ে রাখতে হবে। বাথরুমে বা রান্নাঘরে শিশুটি যেন সহজে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। দরজা লাগিয়ে রাখতে হবে বা দরজার সামনে কোনো প্রতিরোধক দিতে হবে।

পানিতে ডুবে মৃত্যুকে ‘নীরব মহামারী’ হিসেবে স্বীকৃতি দিয়ে চলতি বছর বাংলাদেশের প্রস্তাবে ২৫ জুলাই আন্তর্জাতিকভাবে ‘পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ’ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।

গত এপ্রিল মাসে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৮ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বে প্রতিবছর দুই লাখ ৩৫ হাজার মানুষের মৃত্যু হয় পানিতে ডুবে। বিশ্বের বেশ কয়েকটি দেশে এটা শিশু মৃত্যু, বিশেষ করে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুর প্রধান কারণ।