২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনভর বিক্ষোভ, অতঃপর উইলস লিটল ফ্লাওয়ার অধ্যক্ষের পদত্যাগ

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজের শিক্ষক ও কর্মচারীদের দিনভর আন্দোলনের পর পদত্যাগ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 10:10 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

সরকারি এই শিক্ষা কর্মকর্তা ডেপুটেশনে সাড়ে ছয় বছর ধরে ঢাকার কাকরাইলের এই শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষের দায়িত্বে ছিলেন।

তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে শিক্ষক-কর্মচারীরা মঙ্গলবার সড়কে বিক্ষোভে নামে। এরপর রাতেই তিনি পদত্যাগপত্র দেন।

উইলস লিটল ফ্লাওয়ারের শিক্ষক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন সাড়ে ছয় বছর ধরে অবৈধভাবে ছিলেন। আমরা তার অপসারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছিলাম। পরে জেলাপ্রশাসকের মাধ্যমে বিষয়টির মীমাংসা হয়।

“জেলা প্রশাসকের প্রতিনিধি দল আমাদের প্রতিনিধি দলের সাথে কথা বলেন। পরে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদত্যাগ করেন।”

ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদত্যাগ করায় আন্দোলন থেকে সরে এসেছেন শিক্ষক-কর্মচারীরা।

পদত্যাগের বিষয়ে আবুল হোসেনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ার কথা বলেছেন। তিনি তার আগের চাকরিতে ফেরত যাওয়ার কথাও বলেছেন।

২০১৪ সালে ২৬ নভেম্বর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন আবুল হোসেন।

তার স্কুল পরিচালনায় শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ঠিকমতো না হওয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য কল্যাণ ভাতা ও গ্রাচু্ইটি না দেওয়ায় ক্ষুব্ধ ছিলেন শিক্ষকরা।