যমুনা ফিউচার পার্কের সামনে থেকে উদ্ধার শিশুর মৃত্যু
রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তায় পড়ে থাকা এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।
আনুমানিক ১০-১১ বছর বয়সী মেয়েটির মাথার পেছনে ‘আঘাতের চিহ্ন’ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
তিনি জানান, মেয়েটির বাবা একজন দিনমজুর, তিনি থানায় এসেছেন। তার অভিযোগ নেওয়ার পর সে অনুযায়ী তদন্ত করে দেখা হবে।
কুড়িলে তাদের বাসা জানিয়ে পুলিশ কর্মকর্তা রফিকুল বলেন, “একই এলাকায় মেয়েটির দাদার বাড়ি। সেখানে যাওয়ার জন্য সকালে সে বাসা থেকে বেরিয়েছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।”
মেয়েটি কিছুদিন আগেও দুর্ঘটনার শিকার হয়েছিল এবং মানসিকভাবে ‘অসুস্থ’ ছিল বলে পুলিশ জানতে পেরেছে।
পুলিশ পরিদর্শক রফিকুল বলেন, “মাথার পেছন দিকে সামান্য আঘাতের চিহ্ন ছাড়া শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আমরা ধারণা করছি কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে।”
