২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক ধর্মঘট উঠার পর জট খুলল বন্দরে

জ্বালানি তেলের দাম বাড়ানোয় ডাকা পণ্যপরিবহনের যানবাহন ধর্মঘট প্রত্যাহারের পর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে চট্টগ্রাম বন্দর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2021, 06:41 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

পণ্যবাহী ট্রাক, কভার্ডভ্যান, লরি ও প্রাইম মুভার সোমবার রাত থেকে চলাচল শুরু করলে বন্দরে গাড়ি প্রবেশ শুরু করে।

মঙ্গলবার সকাল থেকেই পুরোদমে বন্দর থেকে পণ্য পরিবহন এবং রপ্তানিমুখী কন্টেইনার প্রবেশ শুরু করে।

বন্দর সচিব মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে পুরোদমে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বেসরকারি ডিপো থেকে কন্টেইনার নিয়ে গাড়ি প্রবেশ করছে এবং নিয়মিত কন্টেইনার হ্যান্ডলিংও হচ্ছে।”

তিনি বলেন, পণ্য পরিবহন ধর্মঘট চললেও বন্দরের ‘অপারেশনাল কার্যক্রম’ বন্ধ ছিল না। কন্টেইনার হ্যান্ডলিংয়ের পাশাপাশি এসময়ে সীমিত পরিসরে সরবরাহও হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ছিল তারা নিজস্ব উদ্যোগে পণ্য নিয়েছে।

বন্দর কর্মকর্তা ওমর ফারুক বলেন, মঙ্গলবার ২৪ ঘণ্টায় তিন হাজারের মতো কন্টেইনার বন্দর থেকে বের হচ্ছে।

বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্মঘট প্রত্যাহারের পর আইসিডি থেকে বন্দরে কন্টেইনার যাচ্ছে।

“ধর্মঘটের কারণে শুক্রবার থেকে প্রায ১১ হাজারের মতো রপ্তানিমুখী কন্টেইনার বন্দরে প্রবেশের অপেক্ষায় ছিল। আশা করছি, দ্রুত ধর্মঘটের ক্ষতি কাটিয়ে ওঠা যাবে।”

ডিজেলের দাম বাড়ার পর গত শুক্রবার সকাল থেকে পণ্য ও গণপরিবহন ধর্মঘট শুরু করে। পণ্য পরিবহনের কারণে ওই দিন সকাল থেকে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য ডেলিভারি এবং রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বন্দরে প্রবেশ প্রায় বন্ধ হয়ে যায়। বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংও সীমিত হয়ে পড়ে।

এতে আমদানি-রপ্তানি প্রক্রিয়া স্থবির পয়ে পড়ার আশংকা প্রকাশ করেন ব্যবসায়ীরা। এছাড়া ধর্মঘটের কারণে বন্দরে কন্টেইনার জটের শঙ্কাও তৈরি হয়।

সোমবার রাতে সরকারের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে ট্রাক-কভার্ড ভ্যান, প্রাইম মুভার মালিক-শ্রমিকরা।

ট্রাক ধর্মঘট: বন্দরে পণ্যজট, আমদানি-রপ্তানিতে ক্ষতি বাড়ছে

চার দিন পর ট্রাক ধর্মধট স্থগিত