শিশু নির্যাতন: স্বীকারোক্তিতে ‘অস্বীকৃতি’, কারাগারে সৎমা
রাজধানীর রায়েরবাজারে শিশু নির্যাতনের মামলায় গ্রেপ্তার সৎ মাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম আবু সাঈদ শুক্রবার এ আদেশ দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক বিথী আক্তার জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. লিটন মাতব্বর এদিন সাবিহা আক্তারকে আদালতে হাজির করে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
কিন্তু ওই নারী পরে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার রায়েরবাজার এলাকা থেকে মোস্তফা কামালের দ্বিতীয় স্ত্রী সাবিহা আক্তারকে (২৩) গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। সেই সঙ্গে তার তিন বছর বয়সী ছেলেকে উদ্ধার করে।
সাত মাস বয়সে মা ছেড়ে চলে যাওয়ার পর দাদীর কাছেই বড় হচ্ছিল শিশুটি। এর মধ্যে তার বাবা কামাল বিয়ে করেন সাবিহাকে।
কিছুদিন আগে সন্তানকে কয়েক দিনের জন্য নিজের কাছে এনেছিলেন কামাল। গত ৩১ অক্টোবর শিশুটি বেশ কয়েকবার বমি করলে সাবিহা তাকে গরম খুনতি দিয়ে ‘ছেঁকা দেন’ বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে ওই নারীকে পরে গ্রেপ্তার করে পুলিশ। কামাল নারী ও শিশু নির্যাতন আইনে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আরও পড়ুন
