২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় জুতা কারখানার আগুনে পাঁচজনের মৃত্যু

পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি জুতার কারখানায় আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2021, 08:59 AM

Updated : 10 Oct 2022, 06:22 PM

বৃহস্পতিবার রাত সোয়া ১টা দিকে সোয়ারীঘাটের কামাল বাগে ‘রোমানা রাবার' নামের ওই কারখানায় আগুন লাগে।

অগ্নি নির্বাপক বাহিনীর আটটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান।

সেখান থেকে পাঁচজনকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাঁচজনই ছিলেন ওই কারখানার শ্রমিক, তাদের সবাই আগুনে দগ্ধ হয়েছেন বলে হাসপাতালের এক কর্মী জানিয়েছেন।

পুলিশ নিহতদের পরিচয় জানাতে না পারলেও দুজনের আত্মীয় সকালে মিটফোর্ডের মর্গে হাজির হন। তারা জানান, নিহতদের মধ্যে মানিকগঞ্জের আব্দুর রশিদের ছোট ছেলে আমিনুর রহমান (৩০) ও কিশোরগঞ্জের শহর আলীর ছেলে শামীম মিয়াও (৩৫) রয়েছেন।

হাজি রফিক নামের এক ব্যক্তির মালিকানাধীন ওই কারখানায় মূলত জুতার সোল তৈরি হত। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, শুক্রবার সকালে ঘটনাস্থল পুরোপুরি তল্লাশি করে দেখেছেন তারা। ভেতরে আর কোনো মৃতদেহ নেই। দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই কারখানার পাশে একটি কাঁচাবাজার ছিল। আগুনে বাজারের সব মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস কর্মীরা জানান।

কাঁচা বাজারের একটি মাংসের দোকানের মালিক রহিম জানান, রাতে তিনি দোকানেই ছিলেন। হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা আলোকিত হয়ে ওঠে।

“তখন ভয়ে দৌঁড়ে দোকান ছেড়ে রাস্তায় চলে আসি। পরে দেখি বাজারের পাশে রহিম হাজির কারখানা আগুনে জ্বলতেছে।”

এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলেও তার আগেই কারখানা থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের কাঁচাবাজারে। দোকান ও মালামাল পুড়ে গেলেও সেখানে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

রহিম বলেন, বাজারে তার দোকানের ফ্রিজ ভর্তি গরুর মাংস ছিল; ফ্রিজ আর মাংস সবই নষ্ট হয়ে গেছে। কারখানার বাইরে বেশি কিছু রিকশাও পুড়েছে।