বাহাত্তরের সংবিধানের লক্ষ্য অর্জনে সবার প্রচেষ্টা জরুরি: স্পিকার
বাহাত্তরের সংবিধানের লক্ষ্য অর্জনে সবার অব্যাহত প্রচেষ্টা ‘জরুরি’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেছেন, “ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ ও মানুষের আর্থসামাজিক অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু যে সংগ্রাম করেছেন, তার ভিত্তিতে রচিত বাহাত্তরের সংবিধানের লক্ষ্য অর্জনে সকলের অব্যাহত প্রচেষ্টা জরুরি।”
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ৫০তম সংবিধান দিবসের অনুষ্ঠানে স্পিকার এ কথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভার্চুয়াল ওই অনুষ্ঠানে শিরীন শারমিন বলেন, “বাহাত্তরের সংবিধান দীর্ঘ চব্বিশ বছর আন্দোলন-সংগ্রামের প্রতিফলন। শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণই বাহাত্তরের সংবিধানের মূল লক্ষ্য। জনগণের মৌলিক অধিকার পূরণের মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব।”
বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য ১৯৭২ সালের ১০ এপ্রিল ৩৪ সদস্যের কমিটি করা হয়। কমিটি ৭৪টি বৈঠক করে ১২ অক্টোবর জাতীয় পরিষদে খসড়াটি উপস্থাপন করেন।
এরপর ১৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর খসড়া সংবিধানের ওপর আলোচনা চলে। ৪ নভেম্বর এ সংবিধান গৃহীত হয়।
‘সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষাকবচ ৭২এর সংবিধান’ প্রতিপাদ্যে বৃহস্পতিবারের আলোচনা সভায় শিরীন শারমিন বলেন, “গণপরিষদের ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, অনেক রক্তের বিনিময়ে আমাদের এই সংবিধান। শাসনতন্ত্র ব্যতীত কোনো দেশ পাল ও মাঝিবিহীন নৌকার সমান বলে তিনি উল্লেখ করেছিলেন।
“শাসনতন্ত্রে মানুষের অধিকার ও কর্তব্য সংবলিত থাকবে, যার প্রতিফলন আমরা তার ৪ নভেম্বর গণপরিষদে প্রদত্ত ভাষণে দেখতে পাই। বাহাত্তরের সংবিধানকে বঙ্গবন্ধু 'জনগণের শাসনতন্ত্র' অভিহিত করেছেন। ৪৮-৪৯ থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের মাধ্যমে রচিত হয়েছে বাহাত্তরের সংবিধানের ভিত ও চারটি মৌলিক স্তম্ভ- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। “
স্পিকার বলেন, “১৯৭৫ এর ১৫ অগাস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর সমগ্র প্রেক্ষাপটকে পাল্টে দেওয়া হয়। স্বাধীনতার পরাজিত শক্তি তাদের নীলনকশা বাস্তবায়নের কাজ শুরু করে এবং সংবিধানকে নানাভাবে ক্ষতবিক্ষত করা হয়।”
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং সংসদ সদস্য আরমা দত্ত বক্তব্য দেন।
