২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধ না মেনে ‘পরীক্ষার আয়োজন’ রাজউক উত্তরা মডেল কলেজে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনা অমান্য করে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পরীক্ষা নিতে যাচ্ছে ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2021, 10:42 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

বার্ষিক পরীক্ষা ছাড়া চলতি বছর আর কোন পরীক্ষা না নিতে নির্দেশনা থাকলেও শনিবার ‘ইন্টারনাল অ্যাসেসমেন্ট’ নামে এই পরীক্ষা শুরু হবে প্রতিষ্ঠানটিতে।

এই পরীক্ষা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বেশ কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মাউশি।

করোনাভাইরাস মহামারীর কারণে দেড় বছর বন্ধ থাকা স্কুল-কলেজে গত ১২ সেপ্টেম্বর সরাসরি ক্লাস শুরু হয়।

এর এক মাস পর ১৩ অক্টোবর এক আদেশে মাউশি জানায়, ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা ও দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা ২৪ নভেম্বর থেকে শুরু হবে, যা শেষ করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।

পরীক্ষা নেওয়া যাবে কেবল বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে। ৫০ নম্বরের পরীক্ষার জন্য শিক্ষার্থীরা সময় পাবে দেড় ঘণ্টা।

সে আদেশে চলতি বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না বলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয় মাউশি।

রাজউক উত্তরা মডেল কলেজের রুটিন অনুযায়ী, শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সাধারণ বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষায় বসতে হবে।

অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, মাউশির নির্দেশনার বাইরে গিয়ে অল্প সময়ের নোটিসে পরীক্ষা না নিতে অনুরোধ করলেও তা এড়িয়ে গেছে কর্তৃপক্ষ।

তবে তারা কেউ পরিচয় প্রকাশ করতে রাজি হননি।

অষ্টম শ্রেণির একজন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা স্যারদের পরীক্ষাটা না নিতে বলেছিলাম। সেজন্য আবেদনও করতে চেয়েছিলাম। তখন তারা বলেছেন, যারা এটা নিয়ে বাড়াবাড়ি করবে, তাদের বের করে দিবে। যারা আবেদন জমা দিবে তাদের টিসি দিয়ে বের করে দেওয়ার কথাও বলেছেন।”

একই শ্রেণির আরেক শিক্ষার্থীর অভিভাবকের দাবি, ২৮ অক্টোবর এই পরীক্ষার সিলেবাস জানানো হয়েছে, যার অনেক বিষয়ই শিক্ষার্থীদের পড়ানো হয়নি।

তিনি বলেন, “টিচাররা বলছে, এই পরীক্ষার মাধ্যমেই তাদের সায়েন্স, আর্টস, কমার্স নির্ধারণ করবে। কিন্তু যেভাবে এটা করা হচ্ছে তাতে শিক্ষার্থীদের কোনো উপকারই হবে না। তাদের ওপর মানসিক চাপ তৈরি করছে। দীর্ঘদিন পর একটা খারাপ রেজাল্ট হলে তারা মানসিকভাবে ধাক্কা খাবে।”

ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক জানান, সিলেবাস শেষ না হওয়ায় আরও কিছুদিন পর শিক্ষার্থীরা পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষকদের অনুরোধ করেছিলেন। কিন্তু শিক্ষকরা তা শোনেননি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষা কয়েকদিন পেছানোর জন্য বাচ্চারা বলেছিল। কিন্তু উল্টা ওদের হুমকি-ধমকি দিয়েছে টিচাররা। বলেছে, স্কুলের নিয়মের বাইরে কিছু করলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।”

এ বিষয়ে কথা বলতে বুধবার রাজউক উত্তরা মডেল কলেজে গেলে এই প্রতিবেদককে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সেখানে একাধিক শিক্ষার্থীর অভিভাবক জানান, নবম শ্রেণির শিক্ষার্থীদেরও মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু হয়েছে।

পরে উপাধ্যক্ষ খন্দকার আনিসুল হককে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।  

বৃহস্পতিবার দুপুরে উপাধ্যক্ষ (অ্যাডমিন অ্যান্ড একাডেমিক) মাতলুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি পরীক্ষা সমন্বয়কের সাথে কথা বলতে বলেন।

আর পরীক্ষা সমন্বয়ক উপাধ্যক্ষ (এক্সাম অ্যান্ড কো-অর্ডিনেশন) দেওয়ান মো. তমজিদুজ্জামান এ বিষয়ে ‘কথা বলতে পারবেন না’ জানিয়ে ফোন কেটে দেন।

তিনি বলেন, “এ বিষয়ে অফিস কথা বলবে।”

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক উইং) মোহাম্মদ বেলাল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, “আমরা ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা নিতে বলেছি। আর তিনটি বিষয়ের (বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত) বাইরে পরীক্ষা নেয়া যাবে না।

“২৪ নভেম্বরের আগে কোনো পরীক্ষা যাতে না হয় সে ব্যাপারে তাদের স্পষ্ট নির্দেশনা রয়েছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি এর বাইরে গিয়ে পরীক্ষা নেয়, সে রকম অভিযোগ পেলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”