২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আজীবন রেশন পাবেন ফায়ার সার্ভিস সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিসের সদস্যদের অবসরের পরও মৃত্যু পর্যন্ত রেশন দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2021, 09:23 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

তিনি বলেছেন, “উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আনুনিকায়নের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে ফায়ার সার্ভিসের সদস্যদের আজীবন রেশনের আওতায় আনার কাজ চলছে।”

বৃহস্পতিবার ঢাকার মিরপুরে ‘অগ্নি গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অগ্নি নির্বাপক বাহিনী হিসেবে পরিচিত হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা ভবন ধস, নৌডুবিসহ যে কোনো দুর্ঘটনা কিংবা দুর্যোগে দায়িত্ব পালন করেন।   

২০০৯ সালে ফায়ার সার্ভিসে জনবল ছিল ৬ হাজার ১৭৫ জন। এখন রয়েছে ১৩ হাজার ৪০০ জন। নতুন প্রকল্প বাস্তবায়ন হলে জনবল ১৬ হাজার ছাড়িয়ে যাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ছে জানিয়ে তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় দেশে ফায়ার সার্ভিস স্টেশন ছিল ২০৪টি, বর্তমান স্টেশন ৪৫৬টি। শিগগির আরও ১০৯টা ফায়ার সার্ভিস স্টেশন চালু হবে।

চট্টগ্রাম বন্দর ও শিল্প নগরী এলাকা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় ১১টি আধুনিক ফায়ার স্টেশন স্থাপনের কাজ চলছে বলেও জানান মন্ত্রী।

বাহিনীটির আরও কর্মক্ষম করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে এক হাজারের বেশি কর্মীকে দেশের বাইরে থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসা হয়েছে। মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি প্রতিষ্ঠার কাজ শেষ হলে কাউকে বাইরে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে না।

মুন্সিগঞ্জের গজারিয়ায় সেই একাডেমি প্রতিষ্ঠায় জমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন ও সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।