২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি: ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2021, 07:08 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

বৃহস্পতিবার ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয় বলে উপাচার্যদের নিয়ে গঠিত কোর কমিটির আহ্বায়ক এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/) থেকে পরীক্ষার্থীরা তাদের আবেদনের আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল জানতে পারবে।

“আমরা সবার রেজাল্টই দিয়েছি। এখানে কোনো পাস-ফেল নেই। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়গুলো তাদের চাহিদা অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করবে।”

এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার ভিত্তিতে এ মেধা তালিকা প্রকাশ করা হলেও, গুচ্ছে থাকা বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের শর্ত পূরণ সাপেক্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করবে।

গত ১ নভেম্বর দেশজুড়ে ২২টি কেন্দ্রে একযোগে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) পরীক্ষা হয়।

এর আগে গত ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ‘এ’ ইউনিট এবং ২৪ অক্টোবর মানবিক বিভাগের শিক্ষার্থীদের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।

‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয় ২০ অক্টোবর আর ‘বি’ ইউনিটের ফল প্রকাশ হয় ২৬ অক্টোবর।

১ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এ বছরের ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হয়।

গুচ্ছভুক্ত ২০ টি বিশ্ববিদ্যালয়ের তিনটা ইউনিটে আসন রয়েছে মোট ২২ হাজার ১৩টি। এর বিপরীতে আবেদন করেছিলেন দুই লাখ ৩২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী।

‘এ’ ইউনিটে এক লাখ ৩১ হাজার ৯০১ জন, ‘বি’ ইউনিটে ৬৭ হাজার ১১৭ জন এবং ‘সি’ ইউনিটে ৩৩ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছিল।

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

এছাড়া, রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।