২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ‘বিমান যাত্রীদের ডাকাতি’, গ্রেপ্তার ৫

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দুবাই ফেরত ‘বিমান যাত্রীদের’ সোনার গয়না ও টাকা লুটের সঙ্গে জড়িত একটি ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ- ডিবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2021, 03:47 PM

Updated : 07 Apr 2022, 11:50 PM

গ্রেপ্তাররা হলেন- তৈয়ব আলী (৪২), মো. মিলন সরদার (৩০), মোছা. রীমা আক্তার হ্যাপি (২৮), মো. মনির হোসেন (৪৩) ও বিপুল দেবনাথ (৪৩)।

ঢাকার মাদারীপুর ও ফরিদপুর থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ।

এসময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট, একটি হাতকড়া, ২৩ হাজার টাকা ও লুট করা এক কেজি ৩৬৩ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন এ চক্রের ‘হোতা’ তৈয়ব আলী।

তিনি বলেন, “তৈয়বের টার্গেট হলো দুবাই থেকে আগত যাত্রীরা। ভোররাতে দুবাই থেকে বিমান আসার পর টার্গেট ঠিক করার জন্য এই চক্রটি ওঁৎ পেতে থাকত। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে টার্গেট ব্যক্তির কাছে সোনা, টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে নিরব এলাকায় নামিয়ে দিত।”

কামরাঙ্গীরচর এলাকায় একটি ওয়ার্ডের বিএনপির এক অঙ্গ সংগঠনের নেতা তৈয়বের বিশাল বাড়ি ও গাড়ি রয়েছে জানিয়ে হাফিজ আক্তার বলেন, “এসব ডাকাতির মাধ্যমে করেছে।”

তৈয়বের বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে জানানো হয় গত ১২ সেপ্টেম্বর ডাকাতির শিকার হওয়া রাসেল ও সাইফুল নামে দুই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।