শিক্ষকের জ্যেষ্ঠতা: ঢাবির সাবেক-বর্তমান ২ উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের জ্যেষ্ঠতা নিয়ে আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়ায় বর্তমান ও সাবেক উপাচার্যসহ চারজনের বিরুদ্ধে অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট।
আয়েশা মাহমুদা নামের ওই শিক্ষকের করা আবেদনে বুধবার এ রুল দিয়েছে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাই কোর্ট বেঞ্চ।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আছরারুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
আদালতের আদেশ বাস্তবায়ন না করায় কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার ও সাবেক রেজিস্ট্রার রেজাউর রহমানকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে করা আবেদন থেকে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেওয়ার পর আয়েশা মাহমুদা সহকারী অধ্যাপক হন।
এরপর ২০০৬ সালে ওই বিভাগের তিন শিক্ষককে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক করলেও আয়েশা মাহমুদাকে করা হয়নি। তখন ওই তিন শিক্ষকের পদন্নোতি চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন তিনি।
২০০৯ সালের ১১ আগস্ট হাই কোর্ট রায় দেয়। আদালত রায়ে নির্দেশ দেয় আয়েশা মাহমুদাকে ২০০৬ সালের ১০ মে থেকে জ্যেষ্ঠতাসহ পদোন্নতি দিয়ে সব সুযোগ-সুবিধা দিতে।
সেই সঙ্গে ওই তিন শিক্ষকের পদোন্নতির আদেশ বাতিল করে হাই কোর্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
আপিল শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০০৬ সাল থেকে আয়েশা মাহমুদাকে জ্যেষ্ঠতাসহ ভূতাপেক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। বাকি তিন শিক্ষকের পদোন্নতি বহাল থাকলেও আয়েশা মাহমুদার ক্ষেত্রে কোনো কিছুর ব্যত্যয় ঘটবে না।
পরে আপিল বিভাগ ২০১০ সালের ৮ এপ্রিল হাই কোর্টের রায় পরিমার্জন করে করে রায় দেয়।
আপিল বিভাগ ওই তিন শিক্ষকের পদোন্নতি বহাল রাখার পাশাপাশি আয়েশা মাহমুদাকে নিয়ে হাই কোর্টের রায়ও বহাল রাখে।
পরে ২০১৪ সালে আয়েশা মাহমুদা পদোন্নতি পেয়ে অধ্যাপক হন।
আইনজীবী আছরারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সময় বিভাগের এক ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগে আয়েশা মাহমুদাকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এক বছরের বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়।
“ওই তদন্ত কমিটি রিপের্ট দিল, ছাত্রীর সঙ্গে অসদাচরণের অভিযোগ ভুয়া। ফলে তার বিরুদ্ধে অভিযোগও প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু অধ্যাপক হিসেবে তাকে জ্যেষ্ঠতম না করে করা হয় মো. কামাল উদ্দিনকে; যা সর্বোচ্চ আদালতের রায়ের লঙ্ঘন। এ কারণেই তিনি আবেদনটি করেছেন। আদালত রুল দিয়েছে।”
