২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজেন্ট কেলেঙ্কারি: দুদকের অভিযোগপত্র গ্রহণ নিয়ে আদেশ ২৩ জানুয়ারি

রিজেন্ট কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ছয় জনের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে ২৩ জানুয়ারি আদেশ দেবে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2021, 05:16 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ মামলা আমলে নেওয়া বিষয়ে দিন ঠিক করেন বলে আদালতের দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জুলফিকার আলী জানান।

এ মামলার অপর পাঁচ আসামি হলেন- রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক ডা. ইউনুস আলী, সহকারী পরিচালক ডা. শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা ডা. দিদারুল ইসলাম।

আসামিদের মধ্যে সাহেদ কারাগারে আছেন, বাকিরা জামিনে আছেন। শুনানির সময় তারা সবাই আদালতে হাজিরা দেন।

গত ৭ অক্টোবর আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আবুল কালাম আজাদ। আদালত তাকে ধার্য তারিখ ২ নভেম্বর পর্যন্ত জামিন দেন। আজ তার আইনজীবী জামিনের বাড়ানোর আবেদন করলে আদালত তাও মঞ্জুর করেন।

লাইসেন্সের মেয়াদ না থাকার পরও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি করে ‘সরকারি অর্থ আত্মসাতের’ অভিযোগে এ মামলায় ছয়জনকে আসামি করে ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।

পরস্পর যোগসাজশে লাইসেন্সের মেয়াদহীন রিজেন্ট হাসপাতালকে ‘ডেডিকেটেড কোভিড হাসপাতালে’ রূপান্তর, সমঝোতা স্মারক সই এবং সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে তিন হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

অভিযোগপত্রে বলা হয়, “সেখান থেকে অবৈধ পারিতোষিক বাবদ রোগী প্রতি সাড়ে তিন হাজার টাকা হিসেবে এক কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা গ্রহণ করা হয়েছে।

“এছাড়া রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখার চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় ও অন্যান্য কর্মকর্তাদের খাবার খরচ বরাদ্দের বিষয়ে এক কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার মাসিক চাহিদা তুলে ধরেছেন।”

আত্মসমর্পণ করে জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ  

দুদকের মামলায় সাহেদসহ স্বাস্থ্যের সাবেক ডিজির নামে অভিযোগপত্র  

রিজেন্ট কেলেঙ্কারি: সাহেদের সঙ্গে আসামি হচ্ছেন স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ  

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় সর্বমোট ৩ কোটি ৩৪ লাখ ৬ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এ মামলায়।

গত বছর ২৩ সেপ্টম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ পাঁচজনকে আসামি করে মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী।

পরে মামলার বাদী ফরিদ আহমেদকেই তদন্তের দায়িত্ব দেয় দুদক। দীর্ঘ এক বছর পর এ মামলার তদন্ত শেষে অভিযোগপত্র অনুমোদন চেয়ে প্রতিবেদন দিলে গত ২০ সেপ্টেম্বর তা অনুমোদন দেয় কমিশন।

মামলায় আবুল কালাম আজাদের নাম না থাকলেও তদন্তে নাম আসায় অভিযোগপত্রে তাকে আসামি করা হয়।