২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় পুলিশের ‘সোর্স’ খুনে গ্রেপ্তার ২

রাজধানীর রামপুরায় পুলিশের একজন ‘সোর্সকে’ হত্যার দুই দিন পর দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 06:39 PM

Updated : 02 Aug 2022, 06:31 PM

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ রোববার রাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

এরা হলেন- মো. রিমন (২৩) ও মহিউদ্দিন শিবলু (৪০)।

গত শুক্রবার রামপুরা থানার বৌবাজার এলাকার বরফ গলিতে আলমগীর নামে এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আলমগীর রামপুরা এলাকায় পুলিশের ‘সোর্স’ হিসেবে কাজ করতেন জানিয়ে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম সংবাদ সম্মেলনে বলেন, “আলমগীর একটি দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলার সময় রিমন ও মহিউদ্দিন শিবলু পেছন থেকে এসে তার দুই পায়ের হাঁটুর পিছনের মাংসে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়।”

আহত আলমগীরকে তার বন্ধুরা প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শেরে বাংলা নগরের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে পাঠানো হয়।

শনিবার সেখানে আলমগীরের মৃত্যুর পর তার বাবা রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

যুগ্ম কমিশনার মাহবুব বলেন, “গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। এর আগে আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল। আলমগীরের উপর ক্ষোভের কারণেই পরিকল্পিতভাবে তারা তাকে খুন করে।”

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, এর মধ্যে রিমনের বিরুদ্ধেই বিভিন্ন আইনে মোট ১৮টি মামলা আছে।

আলমগীর হত্যা মামলায় আর কারও নাম আছে কি না জানতে চাইলে যুগ্ম কমিশনার মাহবুব বলেন, “আমরা এখন পর্যন্ত এই দুজনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। এর বাইরে এ মামলায় অন্য কারও নাম আমরা পাইনি। তবে এর বাইরেও অন্য কারও সম্পৃক্ততা আছে কিনা সেটি আমরা তদন্ত করে দেখছি।”

বিভিন্ন সময়ে পুলিশের সোর্সদের এভাবে খুন হওয়ার বিষয়ে প্রশ্ন করলে মাহবুব আলম বলেন, তারা পরিচয় গোপন না রাখায় এমনটা ঘটে।

“কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, সোর্স নিজেরাই ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য নিজেদের পরিচয় প্রকাশ করে, নিজেদের নিরাপত্তা নিজেরাই বিঘ্নিত করে। তাদেরকে সাধারণত পরিচয় গোপন রাখার নির্দেশনা দেওয়া হয়। তারা অনেকেই সেটা মানে, অনেকে আবার মানে না।”

অনেক সময় পুলিশের সোর্সদের বিরুদ্ধেও মাদকের কারবারসহ অন্যান্য অপরাধের অভিযোগ থাকে, সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না- এমন প্রশ্নও তোলা হয় সংবাদ সম্মেলনে।

জবাবে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার বলেন, “সোর্স ম্যানেজমেন্টের বিষয়টা নির্ভর করে কী ধরনের লোককে সোর্স বানানো হচ্ছে তার ওপর। সবসময় অপরাধীকেই সোর্স বানানো হয় ব্যাপারটা তা না।

“আর সোর্স নির্ধারণ কীভাবে হবে সেটি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিষয়। তবে কিছু সাধারণ নীতিমালা আমাদের রয়েছে। যারা খুব অপরাধকর্মের সাথে জড়িত, তাদেরকে সোর্স হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।”