গান, কবিতা ও নাটকে সম্প্রীতির জয়গান
‘সাম্প্রদায়িক মন্ত্রণা রুখতে, ছড়াই সম্প্রীতির সুর’ স্লোগান নিয়ে গান, কবিতা, পথনাটকসহ শৈল্পিক নানা পরিবেশনায় দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানিয়েছে সংস্কৃতি কর্মীরা।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রাচ্যনাট আয়োজনে বিভিন্ন নাটকের দল, গানের দল, আবৃত্তিকার, চিত্রশিল্পী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নিয়ে সম্প্রীতির বার্তা ছড়ান।
‘পথ ছেড়ো না পথের মানুষ’ এই আহ্বানে প্রাচ্যনাট ছাড়াও বাতিঘর, বটতলা, থিয়েটার ৫২, বুনোফুল, প্রীতিলতা ব্রিগেড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইম একশন সোসাইটি, বৈকুণ্ঠ, স্রোতসহ বিভিন্ন সাংস্কৃতিক দল পথনাটক, পারফরম্যান্স আর্ট, ইন্সটলেশন আর্ট, আবৃত্তি ও সম্প্রীতির গান পরিবেশন করেন।
কবিতা আবৃত্তি করেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ও আবৃত্তিকার আশরাফুল আলম এবং আবৃত্তিকার শিমুল মোস্তাফা।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ‘অন্ধকার আর অসুরের বিনাশে ছড়াই আলো আর সুরের রশ্মি’ স্লোগানে বটতলা থেকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচিরন্তন চত্বর পর্যন্ত একটি আলোক মিছিল করা হয়।
সম্প্রতি দুর্গাপূজার সময় কুমিল্লায় কুরআন অবমাননার কথিত অভিযোগ তুলে পূজামণ্ডপ ও মন্দির হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও রংপুরে সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয় হিন্দু সম্প্রদায়।
এর আগে একই ঘটনা ঘটেছে কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, সুনামগঞ্জের শাল্লায়সহ আরও কয়েক জায়গায়।
অনুষ্ঠানে নাট্যকার মামুনুর রশীদ বলেন,“দেশে বিভিন্ন সময়ে এই ধরনের সহিংসতা ও সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। আমরা খুব অল্পতেই ছোটোখাটো অনুষ্ঠান করে , কিছু সভা করে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখন দেখা যাচ্ছে, বিষয়টি অনেক ভয়াবহ রূপ ধারণ করেছে।
“বাংলাদেশে অতি গোপনে একটি প্রতি-বিপ্লব হয়ে গেছে। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত প্রচুর পরিমাণে বোরকা, হিজাব, ওয়াজ মাহফিল দেখছি। এগুলোতে আমাদের গ্রামবাংলা ভরে গেছে।”
সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,“ যে গ্রাম বাংলায় এক সময় জারি-সারি গান, যাত্রাপালা, বিশেষ করে শীতকালে কবিগান এবং বিভিন্ন অনুষ্ঠান নিয়ে সংস্কৃতি কর্মীদের বিপুল কর্মযজ্ঞ দেখা যেত। সেগুলো গত কয়েক বছরে একেবারে ম্লান হয়ে গেছে।
“সেই সুযোগে এই সাম্প্রদায়িক শক্তি বিদ্বেষ ছড়াচ্ছে, ধর্মের নামে বিভাজন তৈরি করছে। মানুষের যে সামাজিক শক্তি, সেই শক্তির মধ্যে হাজার বছরের বাঙালির সংস্কৃতির চেতনা নিয়ে আমাদেরকে সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াতে হবে। তাহলেই এই বিপর্যয়কে আমরা রোধ করতে পারব।“
নাট্যকার ও নির্দেশক আবুল কালাম আজাদ বলেন,“স্বাধীনতার পর গত পঞ্চাশ বছরে যত সরকার ক্ষমতায় এসেছে, নিজেদের প্রয়োজনে ধর্মকে ব্যবহার করেছে।
“বর্তমানে সাম্প্রদায়িকতা অনেক বেড়ে গেছে। মানুষ ভদ্রতার খাতিরে অসাম্প্রদায়িকতার ভাব ধরে আছে, কিন্তু তাদের মনে আছে সাম্প্রদায়িকতা। এ এই অবস্থায় আমাদের বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া জরুরি।”
