সাভারে ৬ ‘ডাকাত’ গ্রেপ্তার
ঢাকার সাভারের রাজাশন এলাকা থেকে ডাকাত সন্দেহে ছয় জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন- মো. শামীম রেজা (৩০), মো. হেলাল উদ্দিন (৩৫), মো. পারভেজ (২৫), ওয়াসিম ইসলাম (২৫), মো. নাইম খান (২৭) ও মো. ফেরদৌস আহমেদ রাজু (২৯)।
র্যাব-৪ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম রাজাশন এলাকায় একদল ডাকাতের অবস্থানের খবর পেয়ে বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত আভিযান চালায় র্যাব।তখনই ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, হাতকড়া, ওয়াকিটকি, পুলিশের ইউনিফর্ম, পুলিশের জ্যাকেট, বেল্ট, পুলিশের ভুয়া আইডি কার্ড, দুটি রামদা, একটি চাপাতি, দুটি ছুরি, দুটি টর্চলাইট, ৪৬৭টি ইয়াবা, ৩০ বোতল ফেন্সিডিল, গাঁজা, কিছু হেরোইন উদ্ধারের কথা বলা হয়েছে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে।
সেখানে বলা হয়, শামীম রেজা কিশোর বয়স থেকেই অপরাধে জড়িত। তার গ্রামের বাড়ি রাজশাহীতে। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার পর ২০০৫ সালে ঢাকায় এসে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন এবং চোরাকারবারিদের সঙ্গে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
বেশ কয়েকটি অটোরিকশার মালিক শামীমের বিরুদ্ধে স্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে র্যাবের ভাষ্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজা নিজেকে পুলিশ বাহিনীর একজন এসআই হিসেবে পরিচয় দিয়ে অস্ত্র, নকল আইডি কার্ড, ইউনিফর্ম, ওয়াকি টকি ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজি করতেন।সাভার এলাকায় একটি ডাকাত বাহিনী তিনি গড়ে তুলেছিলেন।
তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা এবং মাদক আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
