২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা যুব কর্মকর্তার পদ প্রথম শ্রেণিতে নেওয়ার সুপারিশ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদটি প্রথম শ্রেণিতে (৯ম গ্রেড) উন্নীত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2021, 06:25 PM

Updated : 02 Aug 2022, 06:30 PM

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদটি বর্তমানে দ্বিতীয় শ্রেণির (১০ম গ্রেড); যদিও উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরগুলোর বেশিরভাগের প্রধান পদটি প্রথম শ্রেণিভুক্ত।

এদিকে সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে একই কর্মস্থলে ৫ বছরের বেশি কর্মরত কর্মকর্তাদের বদলি শুরু করেছে যুব অধিদপ্তর।

এরই মধ্যে ৬২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে। এছাড়া অন্যদের বদলিও চলমান বলে কমিটিকে জানানো হয়।

গত ২২ সেপ্টেম্বর সংসদীয় কমিটির বৈঠকে এক এলাকায় ৫ বছরের কোনো যুব উন্নয়ন কর্মকর্তাকে না রাখার সুপারিশ করা হয়।

যুব কর্মকর্তাদের এক এলাকায় ৫ বছরের বেশি রাখতে মানা

মঙ্গলবারের বৈঠকে প্রথম প্রকল্পে অনুমোদিত উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামগুলোকে খেলার উপযোগী করার জন্য অসমাপ্ত কাজগুলো দ্রুত শেষ করার সুপারিশ করা হয়।

জেলা ও উপজেলা পর্যায়ে খেলাধুলাকে গতিশীল করার জন্য মেয়াদ উত্তীর্ণ প্রকল্পগুলো আবার চালু এবং দেশের অব্যবহৃত ও তালাবদ্ধ স্টেডিয়ামগুলো দ্রুত খুলে দেওয়ার সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে বৈঠকে সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান, মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং ও জাকিয়া তাবাসসুম অংশ নেন।