রাসেলকে হত্যায় যাদের হাত কাঁপেনি, তারাই অস্থিতিশীলতা তৈরি করছে: পলক
বঙ্গবন্ধুর খুনিদের উত্তরসূরিরাই এখন দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চাইছে বলে দাবি করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেছেন, “শেখ রাসেলকে হত্যা করতে যাদের হাত কাঁপেনি, তাদের উত্তরসুরিরাই দেশে বর্তমানে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চাচ্ছে। তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছে এবং তারা এখনও চেষ্টা করে যাচ্ছে।”
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ শীর্ষক ‘জাতীয় সেমিনারে’ একথা বলেন প্রতিমন্ত্রী।
বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন এবার সরকারিভাবে শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে।
প্রতিমন্ত্রী সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার প্রসঙ্গ ধরে বলেন, “রংপুর, চাঁদপুরের যে চিত্র দেখেছি, তাতে ভালো কিছু দেখতে পাচ্ছি না। বাংলাদেশকে উন্নত আধুনিক করতে হলে অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক প্রজন্ম গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, “১৯৭৫ সালের ১৫ অগাস্টের পর অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দুটি প্রজন্ম কেন বড় হল না, তার উত্তর আমাদেরই দিতে হবে। সেই সময় অর্থনৈতিক ও রাজনৈতিক সংগ্রাম হত্যা করা হয়েছিল। শিল্প সাহিত্য দিয়ে মানুষের সুপ্ত প্রতিভা বিকাশ হয়, যা সেই সময় হয়নি।”
শিশু কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ করে মুক্তি যুদ্ধের আদর্শে উজ্জীবিত করে দেশের কল্যাণে এগিয়ে যাওয়ার আহ্বান জানান পলক।
অনুষ্ঠানে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত কিশোর সাদাত রহমান বলেন, “শেখ রাসেলকে আমরা তো ফিরে পাব না, আর কোনো রাসেল যেন হত্যার শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। নীরব হয়ে আর বসে থাকা চলবে না। অপেক্ষা করা যাবে না, কে কোন সময় সহযোগিতা করবে, সকলের দায় আছে এবং সবাই মিলে কাজ করতে হবে।”
শহীদ বুদ্ধিজীবীর সন্তান নুজহাত চৌধুরী বলেন, “আমাদের আদর্শিক যুদ্ধ শেষ হয়নি, আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। আমাদের মানুষ গড়তে কোনো উদ্যোগ নেই। মনুষ্যত্ব তৈরি করতে মানবতাবোধ তৈরি করতে মেগা প্রকল্প নিতে হবে।”
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক আনিসুল হক, এটিএন নিউজের প্রধান নির্বাহী মুন্নী সাহা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক রেজাউল মাকছুদ জাহেদী।
