২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাহী পরিচালক পেতে যাচ্ছে আল-নাহিয়ান ট্রাস্ট

শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্টে (বাংলাদেশ) দ্রুত নির্বাহী পরিচালক নিয়োগ দিতে বলেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2021, 08:54 PM

Updated : 02 Aug 2022, 06:28 PM

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে দীর্ঘদিন নির্বাহী পরিচালক ছিল না। এখানে অনেক কাজ হয়েছে, যেগুলো একটু ফিশি।

“এখন মন্ত্রণালয়কে বলা হয়েছে, দ্রুত নির্বাহী পরিচালক নিয়োগ দিতে হবে। সেজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিতে বলেছি।”

মেনন আরও বলেন, সংসদীয় উপ-কমিটি নাহিয়ান ট্রাস্ট নিয়ে যে তদন্ত প্রতিবেদন দিয়েছিল, সেগুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরের বৈঠকেও এ সংক্রান্ত নথিপত্র দিতে বলা হয়েছে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, নাহিয়ান ট্রাস্টে নির্বাহী পরিচালক নিয়োগে ইতোমধ্যে কাজ শুরু করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

Image
মিরপুরে শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্টের (বাংলাদেশ) পরিচালিত আল-নাহিয়ান শিশু পরিবার ও বিদ্যালয়

মিরপুরে শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্টের (বাংলাদেশ) পরিচালিত আল-নাহিয়ান শিশু পরিবার ও বিদ্যালয়

১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরাতের তৎকালীন আমির শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান বাংলাদেশ সফর করেন।

ওই সময় এতিম শিশুদের কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করলে ওই বছরের ২২ জুন গঠন করা হয় আল নাহিয়ান ট্রাস্ট, যার দেখভালের দায়িত্বে আছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

২০১২ সাল থেকে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন কেবিএম ওমর ফারুক চৌধুরী। অবসরে যাওয়ার পরেও মৌখিকভাবে আদেশে গত ৩ মে পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি। পরে তার নিয়োগ বাতিল করা হয়। বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গিয়াস উদ্দিন মোগলকে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে।  

ট্রাস্ট গঠনের শুরুতে আরব আমিরাত ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিল। পরে সরাসরি ঠিকাদার নিয়োগ করে বাংলাদেশে ট্রাস্টের অধীনে একমাত্র আয়ের উৎস বনানীর আবাসিক ফ্ল্যাট ও শপিং কমপ্লেক্সের দোকানগুলো নির্মাণ করে দেয়।

দুই দেশের মধ্যে চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের জন্য জমি দেয় বাংলাদেশ সরকার, অবকাঠামো নির্মাণ ও পরিচালনা খরচ দেয় আরব আমিরাত সরকার। অথচ এ পর্যন্ত কত অর্থ সহায়তা পাওয়া গেছে, তার কোনো তথ্য এ প্রতিষ্ঠানে নেই।

২০১৯ সালে ট্রাস্টের সার্বিক বিষয় তদন্ত করার জন্য তিন সদস্যের একটি উপ-কমিটি গঠন করে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গত বছর তদন্ত প্রতিবেদন স্থায়ী কমিটিতে জমা দেয় উপ-কমিটি।

সংসদীয় উপকমিটির তদন্তে দেখা গেছে, মিরপুর ও লালমনিহাটে ট্রাস্টের আওতাধীন এতিমখানা দুটি পরিচালিত হচ্ছে না সঠিকভাবে। টানা আর্থিক সংকটে লালমনিরহাটের ২০০ আসনের এতিমখানায় এখন রয়েছে মাত্র ১৩০ জন এতিম। মিরপুরে ২০০ জনের জায়গায় আছে ১০৮ জন শিশু।

২০০০ সালে মিরপুরে হাইস্কুল করার পর থেকে ব্যয় বাড়তে থাকে। যে কারণে ২০০৬ সাল থেকে লোকসানে পড়ে ট্রাস্টের কাজ। ২০১৮ সাল পর্যন্ত ২ কোটি টাকারও বেশি ভর্তুকি দিতে হয়েছে স্কুলটিতে।

উপ-কমিটি নাহিয়ান ট্রাস্টের বনানী আবাসিক ভবনস্হ ইউএই মৈত্রী কমপ্লেক্সের জায়গায় সরকারিভাবে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার সুপারিশ করে। ট্রাস্টের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন শতভাগ বাড়ানোর সুপারিশও করা হয়।

ওই সুপারিশ সম্পর্কে মন্ত্রণালয় জানায়, ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে প্রায় চার কোটি টাকা বকেয়া রয়েছে। এ অবস্থায় শতভাগ বেতন দিতে হলে যে পরিমাণ টাকার প্রয়োজন হবে তার একটি আর্থিক বিশ্লেষণ ট্রাস্টের পরের সভায় দেওয়া হবে।

সংসদীয় কমিটির নথিপত্র থেকে জানা গেছে, ২০০৯ সালের পর দীর্ঘদিন ট্রাস্টের কোনো অডিট করা হয়নি। ট্রাস্টের কাছে বেশ কয়েক দফায় তাগিদ দিয়েও তহবিল ও সম্পদের পরিমাণ, আয়-ব্যয়ের হিসাব সম্পর্কে স্বচ্ছ কোনো জবাব পাওয়া যায়নি।
২০০৫-০৬ অর্থবছরের পরে ট্রাস্টের আর কোনো নিরীক্ষা প্রতিবেদন নেই। পরবর্তী বছরগুলোতে নিরীক্ষা প্রতিবেদন চলমান বলে কমিটিকে দেখানো হয়েছে। প্রায় ১০ বছর কেন অডিট করা হয়নি সে বিষয়ে কোন সদুত্তর পায়নি কমিটি।

তবে মন্ত্রণালয় জানিয়েছে, উপ-কমিটির তদন্ত চলাকালে নিরীক্ষা কাজ চলছিল। ২০১৮-১৯ পর্যন্ত অডিট করা হয়েছে।

‘অনিয়মে’ ব্যয় বেড়েছে নাহিয়ান ট্রাস্টের