নাট্যাঙ্গনে ইনামুল হকের অবদান স্মরণীয় হয়ে থাকবে: প্রধানমন্ত্রী
একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ড. ইনামুল হকে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নাট্যাঙ্গনে ইনামুল হকের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়ার পর সাড়ে ৩টায় ইনামুল হক মারা যান বলে জানান অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
ইনামুল হকের বয়স হয়েছিল ৭৮ বছর।
তার স্ত্রী লাকী ইনামও একজন অভিনেত্রী, নির্দেশক। বর্তমানে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যানের দায়িত্বে আছেন লাকী ইনাম।
তাদের দুই মেয়ে হৃদি হক ও প্রৈতি হক। তাদের দুই জামাতা অভিনেতা লিটু আনাম ও সাজু খাদেম।
এনামুল হক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দীর্ঘকাল শিক্ষকতা করেছেন এবং রসায়ন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
