২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-কমার্স প্রতারণা: টোয়েন্টিফোর টিকেটের পরিচালক গ্রেপ্তার

প্রতারণার মাধ্যমে ‘অর্থ আত্মসাতের’ অভিযোগে অনলাইন টিকেটিং এজেন্সি টোয়েন্টিফোর টিকেট ডটকমের একজন পরিচালক এবং সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডির একজন এজেন্টকে গ্রেপ্তার করেছে সিআইডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2021, 04:52 PM

Updated : 10 Oct 2022, 06:19 PM

পুরনো খবর:

এবার গ্রেপ্তার ‘টিকেটি ডটকম’ ও ‘নিরাপদ’ পরিচালক

সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপমহাপরিদর্শক কামরুল আহসান এ তথ্য জানান।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার সদরঘাট এলাকা থেকে টোয়েন্টিফোর টিকেট ডটকমের পরিচালনা পর্ষদের সদস্য এম মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের একটি দলের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় জানিয়ে কামরুল আহসান বলেন, ২০১৯ সালের মে মাসে যাত্রা শুরুর পর অনলাইন টিকেটিংয়ের এই এজেন্সিটি মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে।

“প্রাথমিক তদন্তে জানা যায়, এপর্যন্ত তারা প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে।”

সিআইডির মিডিয়া উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার মিজানুর রহমান সোহেল পেশায় একজন সাংবাদিক। একটি জাতীয় দৈনিকের অনলাইন বিভাগে তিনি কর্মরত আছেন বলে আমরা জানতে পেরেছি।”

এর আগে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক গ্রাহকের করা মামলায় গত ৪ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে টোয়েন্টিফোর টিকেট ডটকমের আরেক পরিচালক মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়।

মামলায় ফেইসবুক ও ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে ‘ডিজিটাল জালিয়াতির মাধ্যমে আইন বহির্ভূত ই-ট্রানজেকশন করে’ অর্থ আত্মসাৎ ও ডিজিটাল প্রতারণার অভিযোগ আনা হয়।

Image
সিআইডির হাতে গ্রেপ্তার রিং আইডির এজেন্ট মো. রেদোয়ান রহমান

সিআইডির হাতে গ্রেপ্তার রিং আইডির এজেন্ট মো. রেদোয়ান রহমান

অন্যদিকে সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডির অন্যতম এজেন্ট মো. রেদোয়ান রহমানকে (২২) রোববার বিকেল পৌনে ৫টায় রাজধানীর কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আইডি খোলার নাম করে এবং আয়ের নানা ‘লোভ দেখিয়ে’ গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশের অপর একটি দল।

সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক কামরুল আহসান বলেন, ২০১৮ সালে রেদোয়ান রিং আইডিতে ‘ইউজার’ হিসাবে কাজ শুরু করেন।

“গত সাত থেকে আট মাস আগে রিং আইডিতে এজেন্ট হিসেবে নিয়োগ পায় সে। তখন থেকে এ পর্যন্ত ছয় শতাধিক আইডি বিক্রি করে এক কোটির বেশি টাকা সে আত্মসাৎ করেছে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেদোয়ান জানায়, প্রতিটি সিলভার আইডি বাবদ ১২ হাজার টাকা, গোল্ড আইডি বাবদ ২২ হাজার টাকা, প্রবাসী গোল্ড আইডি বাবদ ২৫ হাজার টাকা এবং প্রবাসী প্ল্যাটিনাম আইডি বাবদ ৫০ হাজার টাকা করে সে নিয়েছে।”

সংবাদ সম্মেলনে বলা হয়, অস্বাভাবিক মূল্য ছাড়ে বিভিন্ন পণ্য বিক্রির নামে ই-ওয়ালেটের মাধ্যমে লেনদেন করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিল রিং আইডি।

গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রতারণা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।

আরও পড়ুন

এবার গ্রেপ্তার ‘টিকেটি ডটকম’ ও ‘নিরাপদ’ পরিচালক  

কয়েকশ কোটি টাকা আত্মসাৎ: রিং আইডির পরিচালক সাইফুল রিমান্ডে  

রিং আইডির সাইফুল কারাগারে