কিউকমের প্রতারণা: আরজে নিরব কারাগারে
প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হূমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রোববার মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই (নি.) রুহুল আমিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে তেজগাঁও থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এস আই মনির জানান।
পণ্য সরবরাহ না করে ৫৬ লাখ ৫৭ হাজার ৬৮৯ টাকা আত্মসাৎ করার অভিযোগে আব্দুল্লাহ খান শৈশব নামে এক শিক্ষার্থী ৭ অক্টোবর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কিউকমের নিরবসহ কিউকমের ছয় জনের বিরুদ্ধে মামলা করেন।
অপর আসামিদের মধ্যে কিউকমের প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া ও তার স্ত্রী সৈয়দা তাসমিনা তারিন রয়েছেন।
নিরবকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তারের পর শুক্রবার এই মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এর আগে ৩ অক্টোবর রিপন মিয়াকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
আরজে নিরব দেশের সুপরিচিত একজন রেডিও জকি। দীর্ঘ ১৫ বছর আরজে হিসেবে রেডিও টুডে, এবিসি রেডিও, রেডিও ধ্বনি, সিটি এফএমে কাজ করেছেন তিনি।
এখন তিনি সিটি এফএম রেডিওতে হেড অফ প্রোগ্রাম হিসেবে কর্মরত আছেন বলে শুনানিতে জানান তার আইনজীবী।
