২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সব প্রতিষ্ঠানের তথ্য এক প্ল্যাটফর্মে আনবে ‘তথ্য ভাণ্ডার’

‘জাতীয় বিশেষ তথ্য ভাণ্ডারের’ মাধ্যমে সব প্রতিষ্ঠানের তথ্য একই প্ল্যাটফর্মে সংরক্ষণ করা যাবে এবং সহজে বিনিময় করা যাবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2021, 02:13 AM

Updated : 02 Aug 2022, 06:27 PM

শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় বিশেষ তথ্য ভাণ্ডার অবকাঠামো’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এই তথ্য ভাণ্ডার বাস্তবায়িত হলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে একই কাজের পুনরাবৃত্তি বন্ধ হবে।

“সরকারের আর্থিক সাশ্রয় হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘রূপকল্প ২০৪১’ অনুযায়ী উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশে উত্তরণ অত্যন্ত সহায়ক হবে।”

আইএসপিআর জানায়, সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে জাতীয় বিশেষ তথ্য ভাণ্ডার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “সরকারি ও স্বায়ত্ত্বশাসিত অংশীজন প্রতিষ্ঠানগুলোর পূর্ণাঙ্গ সহযোগিতা ছাড়া এ তথ্য ভাণ্ডারের সফল বাস্তবায়ন সম্ভব নয়। এজন্য সকল অংশীজন প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ জরিপ অধিদপ্তর ও জাইকা জাতীয় বিশেষ তথ্য ভাণ্ডার বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক বলেন, “জাতীয় বিশেষ তথ্য ভাণ্ডারের জিও পোর্টালে বিভিন্ন ভূ-স্থানিক ডেটা প্রস্তুতকারী সংস্থাগুলো তাদের নিজ নিজ ডেটা সংরক্ষণ করতে পারবে।

“সেইসঙ্গে সেবা প্রত্যাশী সংস্থা-ব্যক্তিরা তাদের চাহিদা মতো নিয়ম নীতি অনুসরণ করে সেসব ডাটা ব্যবহার করতে পারবেন।”

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জরিপ অধিদপ্তর এবং জাইকা বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি তার বক্তব্য তুলে ধরেন।

তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ জরিপ অধিদপ্তরের উদ্যোগের প্রশংসা করেন। সেই সঙ্গে এ তথ্য ভাণ্ডারের সফল বাস্তবায়নে জাপান সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সেমিনারে মূল বক্তা হিসেবে ‘জাতীয় বিশেষ তথ্য ভান্ডার’ এর খসড়া নীতিমালা উপস্থাপন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূরুন্নাহার চৌধুরী।

বিশেষ তথ্য ভাণ্ডার তৈরির সঙ্গে জড়িত ৩১টিরও বেশি সরকারি-স্বায়ত্ত্বশাসিত সংস্থা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিরা খসড়া নীতিমালা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

তথ্য ভাণ্ডারের ভূমিকা, অগ্রগতি এবং সিস্টেম ডেভেলপমেন্টের উপর বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. মফিজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মঞ্জুরুল হাসান এবং প্রকল্প পরিচালক মো. আবুল কালাম।

জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ হায়াকাওয়া ইয়োহো ও জাইকা চিফ অ্যাডভাইজর বোকুরো উরাবে সেমিনারে বক্তব্য রাখেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।