২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহেদের সাথে ‘মহব্বত’ হল কীভাবে? আজাদকে বিচারকের প্রশ্ন

জালিয়াতি-প্রতারণায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের সঙ্গে কী করে খাতির হয়েছিল, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদের কাছে তা জানতে চাইলেন বিচারক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2021, 02:26 PM

Updated : 10 Oct 2022, 06:18 PM

রিজেন্ট কেলেঙ্কারির মামলায় ডা. আজাদ বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিন চাইলে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ ২ নভেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করেন। সেই শুনানিতেই স্বাস্থ্যের ডিজিকে বিচারক ওই প্রশ্ন করেন।

লাইসেন্সের মেয়াদ না থাকার পরও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করে ‘সরকারি অর্থ আত্মসাতের’ অভিযোগে এ মামলা দায়ের করেছে দুদক।

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের আবুল কালাম আজাদসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে মামলার অভিযোগপত্রে।

Image
বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ।

শুনানি চলাকালে আবুল কালাম আজাদ বিচারককে বলেন, “আমি সারা জীবন কোনো অন্যায় করি নাই, আর কখনো অন্যায় করবোও না।

 “সারা পৃথিবীতে করোনার যে অবস্থা, সেই অবস্থায় সচিব মহোদয়ের নির্দেশে… মানুষের জীবন বাঁচাতে এটা (রিজেন্টের সাথে চুক্তি) করতে হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী ও সচিব মহোদয়ের সামনে (চুক্তি) স্বাক্ষর করা হয়েছিল।”

ওই চুক্তির সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে থাকা আবুল কালাম আজাদ বলেন, “সাহেদ যে একজন প্রতারক, সেটা আমার জানা ছিল না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে রিজেন্ট হাসপাতালের মাধ্যমে দৈনিক ৫০টি করেনা টেস্ট করার নির্দেশ দেওয়া হয়।

“কিন্তু মানব সেবার নামে করোনাভাইরাস পরীক্ষায় করার জন্য টাকা নিচ্ছে রিজেন্ট হাসপাতাল এমনটা অভিযোগ পরে জানতে পারি। এরপর আমি সাথে সাথে বললাম, ওই দুটি শাখা (রিজেন্ট হাসপাতালের) বন্ধ হয়ে যাবে।”

বিচারক এ সময় আজাদকে বলেন, “সাহেদের সাথে আপনার এত মহব্বত কীভাবে হয়েছিল?”

আজাদ উত্তরে বলেন, “চুক্তি স্বাক্ষর হওয়ার দিন সাহেদের সাথে আমার প্রথম দেখা হয়েছিল। স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন। আরো বড় বড় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই থেকে সাহেদের সাথে আমার পরিচয়।

“আমি আগে থেকে জানতাম না সাহেদ একজন প্রতারক ছিলেন। স্যার, আমার ডায়াবেটিস রয়েছে। আমার জীবন তুচ্ছ করে মানুষের জন্য কাজ করেছি। আমি কোনো অপরাধ করিনি, আর ভবিষতেও করব না।”

আত্মসমর্পণ করে জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ

Image
রিজেন্টের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির সই হয়েছিল গতবছর ২১ মার্চ, সেখানে স্বাস্থ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন

রিজেন্টের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির সই হয়েছিল গতবছর ২১ মার্চ, সেখানে স্বাস্থ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর কোভিড- ১৯ রোগীদের চিকিৎসায় গত বছর ২১ মার্চ রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তি হয়। ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীসহ কয়েকজন সচিব উপস্থিত ছিলেন।

তিন মাস না যেতেই করোনাভাইরাসের পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট দেওয়া, সরকারের কাছে বিল দেওয়ার পর রোগীর কাছ থেকেও অর্থ নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে রিজেন্টের বিরুদ্ধে। এরপর গত বছর ৭ ও ৮ জুলাই অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখা বন্ধ করে দেয় র‌্যাব।

তখন জানা যায়, চুক্তি হওয়ার বহু আগে ২০১৭ সালেই হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এ নিয়ে প্রশ্ন উঠলে ওই হাসপাতালের অনুমোদন বাতিল করে স্বাস্থ্য বিভাগ।

ওই ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। তার বিরুদ্ধে প্রতারণা, অনিয়মের নানা অভিযোগ তখন সামনে আসতে থাকে, কয়েক ডজন মামলাও দায়ের করা হয়।

এর মধ্যে দুদকের এই মামলাটি দায়ের করা হয় গত বছর ২৩ সেপ্টম্বর। করোনাভাইরাসের নমুনা পরীক্ষা ও চিকিৎসায় খরচ বাবদ মোট তিন কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাহেদসহ পাঁচজনকে আসামি করা হয় সেখানে।

মামলার এজাহারে আবুল কালাম আজাদের নাম না থাকলেও তদন্ত শেষে তাকেসহ মোট ছয়জনকে আসামি করে গত ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।

সাহেদ ও আজাদ ছাড়া বাকি চার আসামি হলেন- স্বাস্থ্য অধিদপ্তর সাবেক পরিচালক আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা মো. দিদারুল ইসলাম।

অস্ত্র মামলায় প্রথম রায়ে সাহেদের যাবজ্জীবন সাজা

‘প্রতারক’ সাহেদনামা  

Image
প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গতবছর জুলাই মাসে বন্ধ করে দেওয়া হয় রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখা।

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গতবছর জুলাই মাসে বন্ধ করে দেওয়া হয় রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখা।

পরস্পর যোগসাজশে লাইসেন্সের মেয়াদহীন রিজেন্ট হাসপাতালকে ‘ডেডিকেটেড কোভিড হাসপাতালে’ রূপান্তর, সমঝোতা স্মারক সই এবং সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে তিন হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করার অভিযোগ আনা হয়েছে এ মামলার অভিযোগপত্রে।

সেখানে বলা হয়, “সেখান থেকে অবৈধ পারিতোষিক বাবদ রোগী প্রতি সাড়ে তিন হাজার টাকা হিসেবে এক কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা গ্রহণ করা হয়েছে।

“এছাড়া রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখার চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় ও অন্যান্য কর্মকর্তাদের খাবার খরচ বরাদ্দের বিষয়ে এক কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার মাসিক চাহিদা তুলে ধরেছেন।”

২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদে ছিলেন ডা. আজাদ। সরকারি চাকরির বয়স শেষ হওয়ার পরও তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে ওই পদে রেখেছিল সরকার।

কিন্তু গত মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর স্বাস্থ্য অধিদপ্তরের একের পর এক কেলেঙ্কারির খবর প্রকাশ হতে থাকলে বিপাকে পড়তে হয় ডা. আজাদকে। মাস্ক কেলেঙ্কারির পর করোনাভাইরাসের পরীক্ষা ও চিকিৎসা নিয়ে জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতালের প্রতারণ ও জালিয়াতির খবর ফাঁস হলে তিনি তোপের মুখে পড়েন। এরপর গতবছরের ২১ জুলাই তিনি পদত্যাগপত্র দেন।

রিজেন্টের চুক্তি নিয়ে দুদকের অনুসন্ধানের অংশ হিসেবে ওই বছর ১২ ও ১৩ অগাস্ট আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্ত কর্মকর্তা।

সে সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, “কেউ অপরাধ করলে তার কঠোর শাস্তি হোক এটা আমি চাই, এ বিষয়ে তদন্তে আমি প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করব।”

স্বাস্থ্যের ডিজি আজাদের চাকরির অবসান

কেমন কর্মকর্তা ছিলেন, নানা বিশেষণে জানালেন স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদ

লাইসেন্স নেই জেনেই রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি