ঢাকায় রোকেয়া সুলতানার শিল্পকর্মে প্রদর্শনী শুরু
বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় শিল্পী রোকেয়া সুলতানার শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয়েছে।
বুধবার গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয় বলে ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসময় বেঙ্গল ফাউন্ডেশন থেকে সম্প্রতি প্রকাশিত রোকেয়া সুলতানার শিল্পকর্ম নিয়ে একটি মনোগ্রাফও উন্মোচন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় এ অনুষ্ঠানের মধ্য দিয়ে রোকেয়া সুলতানার শিল্পকর্মের প্রথম স্বতন্ত্র প্রদর্শনীর সূচনা হল। আগামী ২৩ অক্টোবর থেকে নয়াদিল্লির ললিত কলা একাডেমিতেও এসব শিল্পকর্মের প্রদর্শনী হবে।
এছাড়া ডিসেম্বরে কলকাতায় এসব শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করবে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পী রোকেয়া সুলতানা শান্তিনিকেতনে পড়ার সময় অভিজ্ঞতাকে চিত্রিত করেছেন প্রদর্শনীতে স্থান পাওয়া এসব শিল্পকর্মে।
পর বাংলাদেশে এসে কাজ শুরু করেন রোকেয়া সুলতানা। ঢাকায় নবম এশিয়ান বিয়েনালে এবং তৃতীয় ভারত ভবন বিয়েনালে তার শিল্পকর্ম পুরস্কৃত হয়।
১৯৭১ সালের গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের সভাপতি অধ্যাপক মুনতাসির মামুন এবং বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন।
