২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যম ইতিবাচক দিকও তুলে ধরবে, আশা তথ্যমন্ত্রীর

সমাজের ত্রুটি-বিচ্যুতির পাশাপাশি গণমাধ্যম ইতিবাচক দিকগুলোও তুলে ধরবে বলে আশা তথ্যমন্ত্রী হাছান মাহমুদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2021, 10:17 PM

Updated : 07 Apr 2022, 11:42 PM

মঙ্গলবার সোনারগাঁও হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশনের গণতন্ত্র ও উন্নয়নের জন্য জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ক প্রকল্প 'প্রটেকটিং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ফর ইফেক্টিভ ডিভালপমেন্ট' (প্রাইমড) এর উদ্বোধন অনুষ্ঠানে এ আশা প্রকাশ করেন তিনি।

তিনি প্রকল্পটির সাফল্য কামনা করে বলেন, "এটির আওতায় গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধি পাবে।

"আশাহীন মানুষ যেমন স্বপ্ন দেখতে পারে না, আশাহীন জাতিও এগোতে পারে না। গণমাধ্যমের অন্যতম দায়িত্ব মানুষকে, জাতিকে আশাবাদী করে তোলা, ভবিষ্যতের পথ দেখানো। আশা করি, সমাজের ত্রুটি-বিচ্যুতির পাশাপাশি গণমাধ্যম ইতিবাচক দিকগুলোও তুলে ধরবে।"

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেন, "বাংলাদেশের ক্রমপ্রসারমান গণমাধ্যম খাতের সঙ্গে কাজ করতে পেরে যুক্তরাজ্য আনন্দিত। প্রাইমড প্রকল্প দু'দেশের সম্পর্কেও আরও নৈকট্য নিয়ে আসবে।"

বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রধান নির্বাহী ক্যারোলিন নার্সির ভিডিওতে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আল-মামুন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সভাপতি রেজওয়ানুল হক রাজা, প্রাইমড প্রকল্পের অংশীদার দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, যমুনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর রোকসানা আনজুমান নিকোল বক্তব্য রাখেন।