রমেকের সাবেক অধ্যক্ষ রউফের বিরুদ্ধে দুদকের মামলা
ক্রয়নীতি লঙ্ঘন করে পাঁচটি ডেন্টাল চেয়ার কিনে সরকারের পৌনে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো. আব্দুর রউফসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার কমিশনের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত মামলাটি করেন বলে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানিয়েছেন।
মামলার অন্য আসামি হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান থ্রি আই মার্চেন্ডাইজের মালিক মোকছেদুল ইসলাম।
২০১২-১৩ অর্থবছরে রংপুর মেডিকেল কলেজের জন্য পাঁচটি ডেন্টাল চেয়ার ও এসব চেয়ারের এক্সেসরিজ বাবদ ২ কোটি ৮২ লাখ টাকার কেনাকাটা করা হয়েছিল।
দুদকের অনুসন্ধানের কথা উল্লেখ করে এজাহারে বলা হয়, পাঁচটি চেয়ারের প্রকৃত মূল্য ৯০ লাখ টাকা, এছাড়া এসব চেয়ারের আনুষঙ্গিক যন্ত্রাংশের প্রকৃত দাম ১৭ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। সবমিলিয়ে চেয়ার ও যন্ত্রাংশের প্রকৃত মোট মূল্য এক কোটি সাত লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।
“এগুলো প্রকৃত বাজার মূল্যের চেয়ে এক কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা বেশি ধরা হয়।”
এজাহারে আরও বলা হয়, এই কেনাকাটায় দরপত্র ওপেনিং কমিটি ও কারিগরি মূল্যায়ন কমিটি গঠন করা হয়নি। এছাড়া কোনো ব্যাংক গ্যারান্টিও ছিল না। মূলত তৎকালীন অধ্যক্ষ ডা. আব্দুর রউফের যোগসাজশে থ্রী আই মার্চেন্টসের ঠিকাদার মোকছেদুল ইসলাম এই টাকা তুলে দুজনে আত্মসাত করেন।
