‘সার্চ কমিটি জনগণকে ধোঁকা দেওয়ার প্রক্রিয়া’
নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন না করে তার জন্য সার্চ কমিটি গঠন জনগণকে ‘ধোঁকা’ দেওয়ার প্রক্রিয়া হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
সোমবার ‘নির্বাচন কমিশন নিয়োগ আইন ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক এক ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে সন্দেহের কথা তুলে ধরেন আলোচকরা।
এ আলোচনায় ‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ, ২০২১’ নামে একটি খসড়া উপস্থাপন করা হয়।
আইনজীবি ড. শাহদীন মালিক বলেন, “ সরকার চাইলে এরকম একটি আইন পাশ করতে বেশি সময় লাগার কথা না। বর্তমানে রাষ্ট্রপতি কর্তৃক গঠিত সার্চ কমিটির ব্যাপারে বলব, এটির মাধ্যমে জনগণকে ধোকা দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে।”
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, “আমাদের সংবিধানের ধারাগুলোর সাথে সামঞ্জস্য রেখে আইনটি নিয়ে কাজ করতে হবে।..আমাদের এমন একটি খসড়া আইন প্রণয়ন করা উচিত যেটি দূরদর্শী হবে, শুধু বর্তমান প্রেক্ষাপটে নয়।”
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সমন্বয়কারী দিলীপ কুমার সরকার খসড়া উপস্থাপন করেন। আলোচনায় অংশ নেন ব্যারিস্টার আমীর উল ইসলাম, বিচারপতি এম এ মতিন, আলী ইমাম মজুমদার, ড. জাফরুল্লাহ চৌধুরী, রুহিন হোসেন প্রিন্স, অজয় দাশগুপ্ত, শারমিন মুর্শিদ, ড. আব্দুল আলীম প্রমুখ।
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে ‘আইন প্রণয়নের’ আহ্বান জানিয়ে এবং এ বিষয়ে মতামত দিয়ে সহায়তার আগ্রহ প্রকাশ করে গত ২৫ সেপ্টেম্বর বিবৃতি দেন ৫৩ জন বিশিষ্ট নাগরিক।
এ ধারাবাহিকতায় সুজন এর পক্ষ থেকে খসড়াটি উপস্থাপন করা হয়।
আরও পড়ুন:
