২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি নিয়োগ হোক মতৈক্যের ভিত্তিতে: সিইসি

রাজনৈতিক দলগুলোর মতৈক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ হওয়া উচিৎ বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2021, 06:17 PM

Updated : 02 Aug 2022, 06:24 PM

Image
কে এম নূরুল হুদা। ফাইল ছবি

কে এম নূরুল হুদা। ফাইল ছবি

বর্তমান কমিশনের বিদায়ের সময় ঘনিয়ে আসায় নতুন কমিশন গঠন নিয়ে আলোচনার মধ্যে বুধবার সাংবাদিকদের প্রশ্নে এই মত দেন তিনি।

নূরুল হুদা বলেন, “পরবর্তী ইসি গঠন করার ব্যাপারে রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত। সেটা আমি সমর্থন করি।”

ঐক্যমত কীভাবে হতে পারে- প্রশ্ন করলে তিনি বলেন, “সেটা মহামান্য রাষ্ট্রপতি করতে পারেন। যেমন গতবার মহামান্য রাষ্ট্রপতি সব দলের নেতাদের সঙ্গে সংলাপ করেছিলেন। তবে সেটা রাষ্ট্রপতির বিষয়। আমাদের করণীয় কিছু নেই।”

বর্তমান ৫ সদস্যের ইসির মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। রাষ্ট্রপতি প্রধান দলগুলোর সঙ্গে সংলাপ করে সার্চ কমিটির মাধ্যমে এ কমিশন নিয়োগ দিয়েছিলেন। সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন নিয়ে নানা মহলের সমালোচনাও হচ্ছে।

সংবিধানে নির্বাচন কমিশন নিয়োগে আইন প্রণয়নের নির্দেশনা থাকলেও গত ৫০ বছরে কোনো সরকারই তা প্রণয়নের উদ্যোগ নেয়নি।

নির্বাচন কমিশন গঠনের আইন হবে কবে  

আইন প্রণয়নের বিষয়ে সিইসি নূরুল হুদা বলেন, এক্ষেত্রে ইসির মতামত দেওয়ার সুযোগ নেই।

“আইন তো তৈরি করে পার্লামেন্ট। এটা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে হয়। তাদের কাছ থেকে এমন কোনো ইঙ্গিত আসেনি আইন করতে হবে কি হবে না …. নির্বাচন কমিশনের মতামত এখানে থাকে না, এখানে ইসির কাছে মতামত চায়ও না। চাইলে তখন কমিশন বসে আমরা দেখব।”

‘আস্থার সঙ্কট নেই’

বর্তমান ইসির উপর জনগণের কোনো আস্থা নেই বলে বিএনপি দাবি করে এলেও তা প্রত্যাখ্যান করেন নূরুল হুদা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইসি মোটেই অনাস্থার জায়গা নয়। জনগণের আস্থা নেই- একথা বলা যাবে না, জনগণ তো বলেনি যে আস্থা নেই।

“রাজনৈতিক দলের লোকেরা যেটা বলেন, অনেক সময় তারা নির্বাচনে প্রতিযোগিতা করে তারা বলে জনগণের আস্থা নেই। যদি আস্থা না থাকে যেসব নির্বাচন হচ্ছে তাতে উপচে পড়া ভোটার থাকে কীভাবে? লাইন থাকে, ৬০-৮০ শতাংশ লোক ভোট দেয়। এটা আস্থার জায়গা।”

“জনগণের আস্থা অবশ্যই আছে, জনগণ ঠিকই ভোট দিতে যায়,” বলেন তিনি।

‘রাশিয়ার মতো ভোট এ মুহূর্তে সম্ভব নয়’

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা তুলে ধরে নূরুল হুদা বলেছেন, সে দেশের ডিজিটাল সিস্টেম ‘অত্যন্ত উঁচুমানের’ বলে তেমন ভোট বাংলাদেশে আপাতত সম্ভবপর নয়।

ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ায় ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ভোট হয়। সে নির্বাচন ব্যাপক কারচুপিপূর্ণ বলে অভিযোগ পশ্চিমা দেশগুলোর।

সে নির্বাচন দেখে আসা সিইসি বলেন, রাশিয়ার নির্বাচন ব্যবস্থা ‘ভালো’। নির্বাচন কেন্দ্রের বাইরে এখানে প্রার্থী বা তার সমর্থকরা প্রচারণা চালান, রাশিয়ায় সেই সুযোগ নেই।

“নির্বাচনে প্রচার-প্রচারণা মূলত অনলাইনভিত্তিক বেশি হয়। ডিজিটাল সিস্টেম অত্যন্ত উঁচুমানের। আমাদের দেশে কর্মীরা যেমন ঘরে ঘরে ভোটারদের কাছে যায়, অথবা লিফলেট দেয়- এই জাতীয় কালচার সেখানে দেখিনি।”

রাশিয়া ভোটকেন্দ্রগুলো সবই সিসিটিভির আওতায় দেখেছেন নূরুল হুদা।

“ফলে তারা কেন্দ্রীয়ভাবে সব দেখতে পারে ... প্রতি মিনিটে তা মনিটর করতে পারে।”

রাশিয়ায় ইভিএম ব্যবহার হয় না জানিয়ে সিইসি বলেন, “আমাদের মতো রাশিয়ায় ইভিএম পদ্ধতি নেই। অন্য প্রযুক্তিতে ভোট করে। পাসপোর্ট দেখে ভোটারকে শনাক্ত করে। পরে একটা ব্যালট পেপার দেয়, সেটা বাক্সে রাখে। ইলেকট্রনিক পদ্ধতিতে সেটা ভেতরে ঢুকে যায়। অ্যাপ ব্যবহার করে তারা যে কোনো জায়গায় বসে ভোট দিতে পারেন।”

রাশিয়ার মতো ভোট বাংলাদেশে আপাতত সম্ভব নয় বললেও কত বছর পর তেমন হতে পারে, তা নিয়ে মন্তব্য করতে চাননি নূরুল হুদা।

“সেই অবস্থায় আমরা যত তাড়াতাড়ি যেতে পারি। ততই আমাদের ভালো হবে। এটাই আমার শিক্ষা।”