২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়া কোটির বেশি টাকা পাচার: এসপিসি ওয়ার্ল্ডের এমডি আল আমিন সস্ত্রীক কারাগারে

অর্থপাচারের মামলায় ই-কমার্স কোম্পানি ‘এসপিসি ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন (৩১) ও তার স্ত্রী পরিচালক শারমিন আক্তারকে (২৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2021, 07:19 PM

Updated : 02 Aug 2022, 06:25 PM

সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম জামিনের আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে কলাবাগান থানায় দায়ের করা অর্থ পাচার আইনের মামলায় দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই সোহানূর রহমান।

আসামিদের পক্ষে আইনজীবী কামরুজ্জামান চৌধুরী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শরীফ সাফায়েত হোসেন জানান।

২৬ অগাস্ট কলাবাগান থানায় বাদি হয়ে মামলাটি দায়ের করেন সিআইডির এসআই নাফিজুর রহমান। রোববার রাতে রমনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এজাহারে বলা হয়, আসামিরা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লি. নামক কোম্পানির নাম দিয়ে ই-কমার্স ব্যবসার আড়ালে অনুমোদনহীন মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা পরিচালনা করেন। তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আয় করার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে টাকা সংগ্রহ করে কোম্পানির হিসাব থেকে এক কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করে ‘মানিলন্ডারিং’ করেছে।

এর আগে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, বিভিন্নভাবে টাকা আয় করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন পেশার মানুষের নিকট হতে টাকা সংগ্রহ করে কোম্পানির হিসাব থেকে মোট প্রায় এক কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা ব্যক্তিগতভাবে ব্যবহার করেছেন তারা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

২৬৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত বছরের শেষ দিকে আল আমিন একবার গ্রেপ্তার হয়েছিল জানিয়ে এই কর্মকর্তা বলেন, এই দম্পতির বিরুদ্ধে সব মিলে চারটি মামলা হয়েছে।

“এর মধ্যে বনানী থানায় গত মে মাসে একটি এবং কলাবাগান থানায় গত বছর অক্টোবর মাসে একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। যশোর কোতয়ালী থানায় প্রতারণার অভিযোগে গত সেপ্টম্বর মাসে একটি মামলা হয়েছে।”

তবে এসব মামলার বর্তমান অবস্থা কি সে ব্যাপারে হালনাগাদ কোনো তথ্য দিতে পারেননি এই কর্মকর্তা।

‘ডেসটিনির মডেলে’ কোটি কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ৬

আরও ২ ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক গ্রেপ্তার  

গ্রেপ্তার আল আমিনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “এসপিসি ওয়ার্ল্ডের প্রায় এক কোটি গ্রাহক রয়েছে। প্রতি মাসে ৫ থেকে ৬ কোটি টাকার অর্ডার তারা পায়, যারা অর্ডার দেন তাদের অধিকাংশই ছাত্র এবং অল্প শিক্ষিত।

“প্রাথমিক অবস্থায় কিছু পণ্য গ্রাহকদের দেওয়া হলেও পরে সংখ্যা বেড়ে যাওয়ায় তারা পণ্য সরবরাহ না করে টাকা আত্মসাৎ করে থাকে। চটকদার বিজ্ঞাপন দিয়ে মটরসাইকেল, মুঠোফোন, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, ওভেনসহ ইলেট্রনিক্স সামগ্রী ৫০ শতাংশ ছাড় দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত। কোনো কোনো ক্ষেত্রে ৮০ থেকে ১৫০ ভাগ পযন্ত ক্যাশব্যাক দেওয়ার প্রতিশ্রুতি দিত।”  

এই দুজনের কাছ থেকে আরও তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

রোববার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে পাঠানো সিআইডির এক বার্তায় এসপিসি ওয়ার্ল্ডের এমডি এবং নিরাপদ শপের পরিচালকসহ তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে সোমবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে এসপিসি ওয়ার্ল্ড নিয়ে বিস্তারিত জানানো হলেও নিরাপদ শপ নিয়ে কিছুই বলেনি সিআইডি।

সাংবাদিকরা এর কারণ জানতে চাইলে সিআইডির বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, গতকালের পাঠানোর বার্তায় একটু ‘মিসটেক’ হয়েছে। নিরাপদ শপের বিষয়ে তদন্ত চলছে, কয়েক দিনের মধ্যে ‘আপডেট’ পাওয়া যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরাপদ শপসহ এধরনের আরও ২০টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে।