‘ডেসটিনির মডেলে’ কোটি কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ৬
ই-কমার্স ব্যবসার আড়ালে বন্ধ হওয়া ডেসটিনির মডেলে অবৈধ মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা করে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- আলামিন প্রধান, জসীম, মানিক মিয়া, তানভীর আহম্মেদ, পাভেল সরকার ও নাদিম মো. ইয়াসির উল্লাহ।
এদের মধ্যে চারজনকে কলাবাগান এফ হক টাওয়ার থেকে এবং বাকিদের মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান।
মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামে একটি কোম্পানি ই-কমার্সের নামে মাল্টি লেভেল মার্কেটিং পরিচালনা করে সাধারণ মানুষকে অধিক কমিশনের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে ২৬ অক্টোবর কলাবাগান এফ হক টাওয়ারে কোম্পানির অফিসে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেপ্তার করে।
এঘটনায় কলাবাগান থানার মামলায় পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে ২ নভেম্বর মোহাম্মদপুর এলাকা থেকে চক্রের হোতা আলামিন প্রধান ও জসীমকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে, একটি হ্যারিয়ার গাড়ি, দুটি পিকাপ ভ্যান, সার্ভারে ব্যবহৃত ছয়টি ল্যাপটপ, দুটি রাউটার, দুটি পাসপোর্টসহ কাগজপত্র জব্দ করা হয়।
হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য ও কোম্পানির সার্ভারের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, এই কোম্পানি এ বছরের ১ জানুয়ারি ই-কমার্সের লাইসেন্স নিয়ে যাত্রা শুরু করে।
কোম্পানির এমডি ও সিইও আলামিন প্রধান একসময় ডেসটিনি-২০০০ লিমিটেড এ সক্রিয় ছিল। ডেসটিনি বন্ধ হয়ে গেলে ডেসটিনির পদ্ধতি অনুসরণ করে এই অনলাইনভিত্তিক প্রতারণা শুরু করে।
“প্রতিষ্ঠানের প্রধান, ডিএমডি, ডিরেক্টর, অফিসার সম্মিলিতভাবে মাত্র ১০ মাসের মধ্যে সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে উচ্চ কমিশনের প্রলোভন দেখিয়ে ২২ লাখের বেশির মেম্বার আইডি খোলে। এসব আইডি থেকে প্রায় ২৬৮ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।”
তিনি বলেন, এ ধরণের ব্যবসা বাংলাদেশের আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। এই অবৈধ ব্যবসা করে তারা যাতে সাধারণ মানুষকে প্রতারিত না করতে পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে।
এমএলএম ব্যবসা আড়াল করার কৌশল সম্পর্কে সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুর রহমান জানান, কোম্পানিটি নামে মাত্র কয়েকটি পণ্য (এলোভেরা শ্যাম্পু, ফেইসওয়াশ, চাল, ডাল, মরিচের গুড়া ইত্যাদি) শুধুমাত্র তাদের রেজিস্টার্ড মেম্বারদের কাছে বিক্রি করে থাকে। বিক্রিত লভ্যাংশ থেকে প্রতি আইডি হোল্ডারকে কোম্পানির বিভিন্ন বিজ্ঞাপন দেখার বিনিময়ে ১০ টাকা করে প্রদান করার প্রতিশ্রুতি দেয়।
“গ্রেপ্তারকৃতরা ই-কমার্সের লাইসেন্স দেখিয়ে সাধারণ মানুষদের মধ্যে বিশ্বাস স্থাপন করায়, যে তারা ই-কমার্স করছে।”
