উপ-নির্বাচনে জয়ী মমতাকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখার উপনির্বাচনে রেকর্ড ভোটে বিজয়ী হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে রোববারের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায়।
এ বছরের বিধানসভা নির্বাচনে আসনটি শোভনদেব চট্টপাধ্যায়কে ছেড়ে নিজে দাঁড়িয়েছিলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে।
তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর সেখানে তিনি হেরে যান; হারেনও এক সময় তারই ডেপুটি শুভেন্দু অধিকারীর কাছে। মমতা হারলেও তৃণমূলই সরকার গড়ে, মমতাকে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীও বানায়।
ভারতের নিয়ম অনুযায়ী কেউ হেরে যাওয়ার পরও তার দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায় এবং দলের নির্বাচিত সদস্যরা যদি তাকে নেতা নির্বাচিত করেন, তাহলে তার মুখ্যমন্ত্রী হতে আইনগত কোনো বাধা নেই।
তবে ভোটে না জিতেও মুখ্যমন্ত্রী হলে তাকে ওই পদে বসার ১৮০ দিনের মধ্যে কোনো একটি আসন থেকে জিতে আসতে হবে। তা না পারলে ছেড়ে দিতে হবে পদ।
মমতাকে জিতিয়ে আনতে শোভনদেব পরে ভবানীপুরের আসন থেকে পদত্যাগ করে নেত্রীর জন্য পথ খুলে দিয়েছেন।
ভবানীপুরের তৃতীয়বারের মতো এই জয়ে মুখ্যমন্ত্রী পদে থাকা নিয়ে মমতার সামনে যে বাধা ছিল, তা দূর হয়েছে।
অভিনন্দন বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক মঙ্গল ও উন্নয়নের স্বার্থে, আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং পরিপূরক হবে বলে তিনি আশা করেন।
“তৃতীয় মেয়াদে ভবানীপুর নির্বাচনী এলাকায় বিপুল বিজয়, মমতা ব্যানার্জির নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও সুগভীর বিশ্বাসের প্রতিফলন।”
মমতার ‘যোগ্য নেতৃত্বে’ পশ্চিমবঙ্গের জনগণের সর্বাঙ্গীন উন্নতি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন মোমেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও অব্যাহত সাফল্য কামনার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
