ঢাকার তেজগাঁওয়ে ঘরে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
ঢাকার তেজগাঁওয়ে ঘরে বিস্ফোরণে দগ্ধ এক যুবক মারা গেছেন।
তার নাম জিতু হাসান (২৮)। পাবনা জেলার আতাইকুলা থানার গঙ্গারামপুর উপজেলার মো. আহসানুল্লাহর ছেলে জিতু ঢাকা কলেজ থেকে লেখাপড়া শেষ করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় জিতুর মৃত্যু হয় ।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, জিতুর শরীরের ৬৪ শতাংশ পুড়ে গিয়েছিলো।
জিতুর সঙ্গে অগ্নিদগ্ধ ইয়াসিন তালুকদার বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার রাত সাড়ে ৯টায় তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি ছয়তলা বাসার তিনতলায় বিস্ফোরণে দগ্ধ হন জিতু ও ইয়াসিন। তারা সেই বাসাটিতে ভাড়া থাকতেন।
কী কারণে বিস্ফোরণ ঘটল, তা জানা যায়নি। তবে কোনো বিস্ফোরক দ্রব্যের উপস্থিতি সেখানে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
