তেজগাঁওয়ে বাসায় বিস্ফোরণে ২ শিক্ষার্থী গুরুতর দগ্ধ
রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকায় একটি ছয়তলা বাসার তিনতলায় বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী আশঙ্কাজনকভাবে দগ্ধ হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা দেওয়ান আজাদ।
বিস্ফোরণে দগ্ধ দুই শিক্ষার্থী হলেন- ইয়াছিন তালুকদার (২৭) ও জিতু (২৮)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই জনের অবস্থাই আশঙ্কাজনক। ইয়াছিনের শরীরের ৫০ শতাংশ এবং জিতুর ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে।"
ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ৯টার দিকে পূর্ব তেজতুরী বাজারের একটি ছয়তলা ভবনের তিনতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তিন তলার একটি রুমে দুজন শিক্ষার্থী মেস ভাড়া করে থাকতেন। এই বিস্ফোরণের তারা আহত হয়েছেন।
“ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।"
দগ্ধ দুইজনের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি জানিয়ে পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া বলেন, "প্রাথমিকভাবে জানা গেছে তারা দুইজন শিক্ষার্থী।"
তবে এ বিস্ফোরণ বিস্ফোরক দ্রব্য থেকে হয়নি বলে ধারণা করছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
সিটিটিসির উপ-পুলিশ কমিশনার আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিস্ফোরণে বিস্ফোরক দ্রব্য জাতীয় কিছুর সন্ধান পাওয়া যায়নি। বিস্ফোরণের ঘটনাটি অন্য কোনো কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।"
