এত সেতুর দরকার কী, এবার টানেলে জোর: সেতুমন্ত্রী
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজতর করতে সরকার দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর বদলে টানেল নির্মাণের কথা ভাবছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “নদী বাঁচাতে হবে, তা না হলে শ্যামল বাংলাদেশ থাকবে না। এত ব্রিজ করার দরকার কী? এখন থেকে সরকার সেতুর পরিবর্তে টানেলের দিকে জোর দিচ্ছে।”
শুক্রবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার উন্নয়নের সংগ্রাম, নিরবচ্ছিন্ন স্বপ্নের মহাসড়কে খুলনা থেকে চট্টগ্রাম’ শীর্ষক এক সেমিনারে তার এ বক্তব্য আসে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি।
ওবায়দুল কাদের বলেন, “পদ্মা সেতু একটা হয়েছে, এখন দাবি উঠেছে দৌলতদিয়ায় আরেকটি সেতু। দুটি সেতু হলে নদীর নাব্যতার কি হবে? এটা কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করছি।
“কাজেই সেতু না করে আমরা আন্ডারপাস করার চিন্তা ভাবনা করছি। দৌলতদিয়া-পাটুরিয়ায় আমরা টানেল নির্মাণের চিন্তা ভাবনা করছি। ওইদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধা পর্যন্ত আরেকটি টানেল নির্মাণের পরিকল্পনাও আমাদের রয়েছে।”
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম যে বঙ্গবন্ধু টানেল হচ্ছে, তার কাজ ৭৫ শতাংশ শেষ হয়েছে বলে অনুষ্ঠানে জানান সেতুমন্ত্রী কাদের।
তিনি বলেন, “সেতু যত নির্মাণ করবেন তত নাব্যতা হারাবে। অনেক সেতু উদ্বোধন হয়েছে, আরো প্রায় ৫০টির মতো সেতু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।”
যশোর-খুলনা মহাসড়ক বারবার কেন নষ্ট হচ্ছে তা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে সংস্কার করার নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, রাস্তা করার পর রক্ষাণাবেক্ষণ না হলে তার সুফল পাওয়া যাবে না।
আওয়ামী লীগ সরকারের সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের চিত্র তুলে ধরে কাদের বলেন, “ঢাকা মাওয়ার মত এক্সপ্রেসওয়ে ইউরোপের অনেক দেশেও নাই। প্রতিবেশী দেশ ভারতেও নেই। গাজীপুর থেকে টাঙ্গাইল, এলেঙ্গা থেকে রংপুর, রংপুর থেকে যাবে পঞ্চগড় একটা। আরেকটা বুড়িমাড়ী, এগুলো আমাদের পরিকল্পনা। এর কাজ চলছে। খুলনা-মোংলা-বাগেরহাট এগুলোও আমাদের কাজেরই অংশ।
"এখানে নতুন কোনো পরিকল্পনার প্রয়োজন নেই। এগুলো বাইরে ঢাকা-সিলেট চার লেইনের কাজ যত দ্রুত শেষ করা যায়, আরেকটা হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার চার লেইন। সেটাও প্রতিশ্রুতি দিয়েছি। ওটাও দ্রুত শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছি। ফরিদপুর থেকে বরিশাল ফোর লেইন করার জন্য এডিবির সাথে কথা হয়েছে।”
আগামী বছর এ দেশের সড়ক যোগাযোগের চিত্র পাল্টে যাবে মন্তব্য করে মন্ত্রী বলেন, “মেট্রোরেল, ম্যাস র্যাপিড ট্রানজিট, পদ্মা সেতু- সব উদ্বোধন হবে। শেখ হাসিনা তার ভিশন বাস্তবায়নে সব পরিকল্পনা সাজাচ্ছেন, মাস্টারপ্ল্যান করেছেন। কাজ যখন যেটা করার দরকার সেটি করছেন। আমাদের ভিশন বিএনপির ভিশন নয়।”
গত নির্বাচনে বিএনপির ভিশন-২০৩০ ঘোষণার প্রসঙ্গ ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, “এটা হল নির্বাচন সামনে রেখে পলিটিক্যালি স্ট্যান্টবাজি। ওটা বিবৃতির মধ্যই সীমাবদ্ধ আর আলোর মুখ দেখবে না। বিএনপি নির্বাচন করবে কী দিয়ে?
“আগামী বছর যখন এসব মেগা প্রকল্প উদ্বোধন হতে থাকবে, বিএনপি চোখে সর্ষে ফুল দেখবে। এমনিতেই নেতিবাচক রাজনীতি করে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নির্বাচন বর্জন করে আপনারা জনগণ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে যাবেন।”
সেমিনারের স্বাগত বক্তব্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, দেশে উত্তর-দক্ষিণ সংযোগকারী যোগাযোগ ব্যবস্থা থাকলেও এ পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগকারী সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি।
“ফলে আমাদের যোগাযোগ ব্যবস্থায় রাজধানী ঢাকার ওপর চাপ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। খুলনা অথবা বরিশাল থেকে কোনো গাড়ি যদি চট্টগ্রাম বন্দরে যেতে চায়, তাহলে ঢাকা হয়ে যাওয়া ছাড়া তাদের কোনো সরাসরি ব্যবস্থা নেই। পূর্ব-পশ্চিম সরাসরি যোগাযোগ তৈরি করতে পারলে ঢাকা-চট্টগ্রাম সড়কের ওপর চাপ বহুলাংশে কমে যাবে।”
ভারতের উদাহরণ তুলে ধরে সবুর বলেন, “সমুদ্র উপকূল জুড়ে তাদের রোড নেটওয়ার্ক গড়ে উঠেছে। ফলে বন্দর থেকে বন্দরে পণ্য পরিবহনে তাদের একটা সমন্বিত নেটওয়ার্ক তৈরি হয়েছে। আমরা সমুদ্র উপকূল দিয়ে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারলে দেশের ব্লু-ইকোনমিতে একটা বিশাল প্রভাব পড়বে।”
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইইবির ঢাকা কেন্দ্রের সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ইঞ্জিনিয়ার এ এফ এম সাইফুল আমিন।
