পররাষ্ট্রমন্ত্রীর লেখা বইয়ের মোড়ক উন্মোচন
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের লেখা নতুন বই ‘বাংলাদেশ- একুশ শতকের পররাষ্ট্রনীতি: উন্নয়ন ও নেতৃত্ব’ প্রকাশিত হয়েছে।
সোমবার নিজের বাসভবনে তিনি নিমফিয়া পাবলিকেশন্স থেকে প্রকাশিত এ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বইটিতে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি, বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে বাংলাদেশের অংশগ্রহণ ও তার প্রেক্ষাপটসহ পররাষ্ট্রনীতির বিভিন্ন বিষয় স্থান পেয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে ছয় বছর কাজের অভিজ্ঞতার নানা বিষয়ও এ বইতে লিখেছেন মোমেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া পররাষ্ট্রনীতি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ বিষয়ে বিশদ আলোচনাও তিনি সেখানে করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রনীতি বিষয়ক ভাবনা, পদক্ষেপ ও মানবিকতার বিষয়গুলো এ বইয়ে প্রাধান্য পেয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে ‘দৃঢ়তা ও দূরদর্শিতার মাধ্যমে’ আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশকে এক ‘নতুন উচ্চতায়’ নিয়ে গেছেন সে প্রসঙ্গও এসেছে এ বইয়ে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে উত্থাপিত বাংলাদেশের অনেকগুলো প্রস্তাবের কথা এ বইয়ে বলা হয়েছে, যার মূল লক্ষ্য হচ্ছে ‘মানবকল্যাণ, টেকসই উন্নয়ন এবং সকল জাতিসত্তার অব্যাহত উন্নয়ন ও মুক্তি’।
”এ দুটি সম্পদ যথাযথভাবে কাজে লাগানো এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও আমাদের স্বপ্ন ‘সোনার বাংলা’ অর্জনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি প্যাকেজ পলিসি চালু করেছে। এগুলো হচ্ছে অর্থনৈতিক কূটনীতি ও জনকূটনীতি।
যুক্তরাষ্ট্রের ফ্রেমিংহাম স্টেট ইউনিভার্সিটির ইকোনমিকস অ্যান্ড বিজনেস বিভাগের সাবেক অধ্যাপক মোমেনের লেখালেখির হাতেখড়ি হয়েছিল কিশোরকালে ‘উষশী’ পত্রিকা সম্পাদনার মধ্য দিয়ে। জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা গ্রন্থে তার প্রকাশিত প্রবন্ধের সংখ্যা আড়াইশর বেশি।
‘জাতির উদ্দেশ্যে ভাষণ: শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা: বিমুগ্ধ বিস্ময়’, ‘বাংলাদেশ: রোড টু ডেভেলপমেন্ট’, ‘বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়’, ‘বাংলাদেশ মার্চিং ফরোয়ার্ড’, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, ‘বাংলাদেশ: উন্নয়ন ও ভবিষ্যত সম্ভাবনা’, ‘বাংলাদেশের স্বাধীনতা: প্রত্যাশা ও প্রাপ্তি’, ‘বঙ্গবন্ধুর ভাষণ সমগ্র ১৯৫৫-১৯৭৫’, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা: বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও কূটনীতি’, টেকসই উন্নয়নের পথে অভিযাত্রা: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’, ‘সাউথ সাউথ কো-অপারেশন: ফাইন্যান্সিং এসডিজি’, ‘বাংলাদেশ কান্ট্রি অব এমপাওয়ারিং পিপল’ এবং ‘বাংলাদেশ: ফোরটি ইয়ারস ইন দ্যা ইউএন’ রয়েছে তার প্রকাশিত বইয়ের তালিকায়।
