২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু

ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে ভোর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর প্রাণ গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2021, 10:25 AM

Updated : 07 Apr 2022, 11:36 PM

ওয়ারী থানায় ওসি কবির হোসেন হাওলাদার জানান, যাত্রাবাড়ী থেকে ফ্লাইওভারের উঠে গুলিস্তানে যাওয়ার পথে বুধবার ভোর সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে।

নিহতদের মধ্যে ৩৮ বছর বয়সী নাসির হোসেন ঠিকাদারি করতেন, তার বাসা মাতুয়াইলে। আর ৩০ বছর বয়সী মাসুম মিয়া থাকতেন জুরাইনে। তারা পরস্পরের পরিচিত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি কবির হোসেন বলেন, ফ্লাইওভারের সুপার মার্কেট মসজিদ সংলগ্ন এলাকায় নাসিরদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা খায়।

গুরুতর অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

তাদের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি।