মতিঝিলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: নিহত ১, আহত ২
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
দুর্ঘটনায় অটো রিকশাচালক কালাই খান (৩৫) নিহত এবং রিকশা আরোহী ইয়াসিন (১৩) ও আরাফাত (১০) আহত হয়েছেন।
রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মতিঝিল থানার উপ-পরিদর্শক মো. ইসমাইল হোসেন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর সাড়ে পাঁচটার দিকে শাপলা চত্বর এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে সাড়ে ছয়টায় চিকিৎসক অটোরিকশা চালককে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত রিকশারোহী দুইজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।"
নিহত অটোরিকশা চালকের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার পালেরচর গ্রামে বলে তিন জানান।
