দুদকের রিমান্ডে পিকে হালাদারের দুই সহযোগী
বিদেশে পলাতক প্রশান্ত কুমার (পিকে) হালদারের দুর্নীতিতে সহযোগিতার অভিযোগে পৃথক মামলায় তার দুই সহযোগী নাহিদা রুনাই ও শুভ্রা রানী ঘোষকে রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার বেলা সাড়ে ১১টায় তাদেরকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আনা হয়।
এরপর থেকে তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলে জানান কমিশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।
পি কে হালদারের সহযোগী নাহিদা রুনাই ইন্টারন্যাশনাল লিজিংয়ের ভাইস প্রেসিডেন্ট। গত ১৬ মার্চ মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুদক। পরের দিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
নাহিদা রুনাইয়ের বিরুদ্ধে দুদকের করা মামলার অভিযোগ, ইন্টারন্যাশনাল লিজিং থেকে কাগুজে প্রতিষ্ঠান 'আনাম কেমিক্যাল লিমিটেডের' নামে ৭০ কোটি ৮২ লাখ টাকা ঋণের নামে আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে। রুনাইয়ের সাথে এ মামলা ২৪ জনকে আসামি রয়েছেন।
পি কে হালদারের অপর সহযোগী শুভ্রা রানী ঘোষ ‘কাগুজে’ প্রতিষ্ঠান ওয়াকামা ইন্টারন্যাশনালের পরিচালক। পি কে হালদারের সহযোগিতায় ইন্টারন্যাশনাল লিজিং থেকে এ প্রতিষ্ঠানটি ৮৭ কোটি ৬০ লাখ টাকা ঋণের নামে তুলে আত্মাৎ এবং পাচার করেছে বলে দুদকের এক মামলায় শুভ্রার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
এ মামলার পর গত ২২ মার্চ শুভ্রা রানী ঘোষ যুক্তরাষ্ট্র থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছলে তাকে গ্রেপ্তার করে দুদক। এরপর ওই দিনই তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য দুদক আবেদন জানালে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি নানা কৌশলে নামে-বেনামে অসংখ্য কোম্পানি খুলে শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনেন এবং ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে নিজের আত্মীয়, বন্ধু ও সাবেক সহকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে পর্ষদে বসিয়ে অন্তত চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন।
এই চার কোম্পানি হল- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (আইএলএফএসএল), পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)।
এসব কোম্পানি থেকে তিনি ঋণের নামে বিপুল অংকের টাকা সরিয়ে বিদেশে পাচার করেছেন বলে তদন্তকারীদের ভাষ্য।
এর মধ্যে আইএলএফএসএল গ্রাহকদের অভিযোগের মুখে গত বছরের শুরুতে পি কে হালদারের বিদেশ পালানোর পর দুদক তার বিরুদ্ধে ২৭৫ কোটি টাকার ‘অবৈধ সম্পদের’ খবর দিয়ে মামলা করে।
দুদক কর্মকর্তারা বলছেন, পি কে হালদার তার নিজের, আত্মীয়, বন্ধু ও কর্মচারীদের নাম ব্যবহার করে আটটি কোম্পানিতে বিপুল অংকের টাকা বিনিয়োগ করেছেন, যার ‘বৈধ কোনো উৎস’ অনুসন্ধানে মেলেনি।
এসব ঘটনায় এখন পর্যন্ত ১৫টি মামলা করেছে দুদক। এসব মামলায় প্রায় এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে। ১৫টি মামলায় আসামিদের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করেছে দুদক।
