২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর ওয়াসা ভবনে এইডিসের লার্ভা ‘পাওয়ায়’ মামলা হবে: মেয়র

মিরপুরে ঢাকা ওয়াসার আঞ্চলিক ভবনে এইডিস মশার লার্ভা পাওয়ায় মামলা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2021, 08:13 PM

Updated : 02 Aug 2022, 06:18 PM

শনিবার মিরপুর- ১ নম্বরে ওয়াসার ওই ভবনে পরিদর্শনে গিয়ে এইডিস মশার লার্ভার উপস্থিত দেখতে পান মেয়র।

এসময় তিনি বলেন, “ওয়াসার মতো একটি প্রতিষ্ঠানের আঞ্চলিক অফিসের ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ এবং বিভিন্ন জায়গায় অসংখ্য লার্ভা দৃশ্যমান থাকায় এর নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”

ঢাকা উত্তরের মেয়র আতিকুল সাংবাদিকদের বলেন, “ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি যে কোনো ভবনেই এইডিসের লার্ভা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানের বাস্তবায়নে শনিবার পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম দেখতে মিরপুরে একাধিক বাসাবাড়িও পরিদর্শন করেন মেয়র।

এর আগে মিরপুরের ওয়াক-আপ উচ্চ বিদ্যালয়ে জনসচেতনতামূলক এক আলোচনাসভায় অংশ নিয়ে শিক্ষা-প্রতিষ্ঠান খোলার আগে সংশ্লিষ্টদের শিক্ষাঙ্গন পরিস্কার-পরিচ্ছন্ন করার আহ্বান জানান আতিকুল।

তিনি বলেন, “স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পূর্বেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিষ্কার-পরিছন্নতা নিশ্চিত করতে হবে।”

আতিকুল বলেন, “মেয়র কিংবা কাউন্সিলর কার‌ও একার পক্ষে এইডিস মশা দূর করা সম্ভব নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এইডিস মশার বিস্তাররোধ এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।”

মিরপুরের দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনে আরেকটি জনসচেতনতামূলক অনুষ্ঠানে অংশ নিয়ে মহামারীর মধ্যে ডেঙ্গুতে যাতে কারও মৃত্যু না হয় সেজন্য সামাজিক আন্দোলন সফল করার আহ্বান জানান তিনি।

মেয়রের উপস্থিতিতে মিরপুর- ১ এর দক্ষিণ বিশিল ৪ নম্বর রোড এলাকায় ফুটপাত ও রাস্থা দখল করে নির্মাণ সামগ্রী রাখার কারণে দায়ী ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নির্মাণ সামগ্রীগুলো ছয় হাজার ১৮০ টাকায় স্পট নিলাম করা হয় বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।