কেরানীগঞ্জে গণধর্ষণ: জড়িত অভিযোগে গ্রেপ্তার ১
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চণ্ডিতলায় গণধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার ভোরে সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-১০।
র্যাব জানায়, গত ৭জুলাই রাত ৯টায় কাজ শেষে বাসায় ফেরার পথে চণ্ডিতলায় গণধর্ষণের শিকার হন এক তরুণী।
এই ঘটনায় মামলার পর আসামীরা এলাকা ছেড়ে যায় বলে সাকিব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
র্যাব এই ঘটনার ছায়া তদন্ত চালিয়ে আসছিল এবং এরই ধারাবাহিকতায় সদরঘাট থেকে সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
