২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সওজর সাবেক প্রকৌশলী জুনাইদ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসানের ‘অনিয়ম ও দুর্নীতির’ মাধ্যমে অর্জিত সম্পদের এক কোটি ৪৪ লাখ টাকার সম্পত্তি তার স্ত্রী শাহানা পারভীনের নামে দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2021, 09:55 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

বৃহস্পতিবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার মামলাটি করেন বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক জানিয়েছেন।

এজাহারে বলা হয়, “স্বামী কর্তৃক অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতা দানের উদ্দেশ্যে নিজ নামে (শাহানা পারভীন) জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭৮৩ টাকার সম্পদ ভোগদখলে রেখেছেন।”

শাহানার নামে ঢাকার মোহাম্মদপুরের আদাবরে সাড়ে ১১ কাঠা জমি, খিলগাঁও বনশ্রী প্রকল্পে ১১ কাঠা জমি, উত্তরা (তৃতীয় পর্ব) আবাসিক এলাকায় পাঁচ কাঠার একটি প্লট, রাজউক পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার একটি প্লট, এলিফ্যান্ট রোডে একটি ফ্ল্যাট, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটি দোকান রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এছাড়া ঢাকার সোবহানবাগে ২৪০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, ময়মনসিংহে দোতলা একটি বাড়ির অংশ বিশেষ, জামালপুরে দোতলা বাড়ির অংশ শাহানা পারভীনের নামে থাকার তথ্য পেয়েছে দুদক।

শাহানা পারভীনের এসব সম্পদের মধ্যে এক কোটি ৪৪ লাখ টাকার সম্পদের কোনো বৈধ উৎস্য পাওয়া যায়নি উল্লেখ করে মামলার এজাহারে বলা হয়, “এসব সম্পদ তার স্বামী জুনাইদ আহসান শিবিবের দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত মর্মে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।”