সাংবাদিকতার নামে প্রতারণা: গ্রেপ্তার ২
সাংবাদিক পরিচয় দিয়ে হল-মার্কের ঋণ কেলেঙ্কারি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে জিম্মি করে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের সঙ্গে পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয় র্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান,।
এরা হলেন- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার দুইজন হচ্ছে ইকবাল হোসেন (৩১) ও তার সহযোগী মো. আমিরুল ইসলাম (৩৫)। পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মালেক।
তাদের কাছ থেকে টেলিভিশনের একটি বড় ক্যামেরা ও মাইক্রোফোন, নগদ পাঁচলাখ টাকা, তিনটি একশ টাকার স্টাম্প, ৯৫ লাখ টাকার ব্যাংকের দুটি চেক জব্দ করা হয়।
র্যাবের মুখপাত্র মঈন বুধবার সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরে দেশের বেসরকারি টেলিভিশন ও নামসর্বস্ব পত্রিকার নাম ব্যবহার করে রাজধানীর উত্তরায় চক্রটি তাদের অপরাধ কার্যক্রম চালিয়ে আসছিল। হল-মার্কের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে 'ব্লাকমেইল' করে সাংবাদিক পরিচয়ধারী কতিপয় প্রতারক মোটা অংকের চাঁদা দাবি করে আসছে- এমন খবর র্যাব জানতে পারে।
“আব্দুল মালেক উত্তরায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে প্রতারক চক্রটি সেখানে গিয়ে কৌশলে তাকে উত্তরার এক হোটেলে নিয়ে আসে এবং এককোটি টাকা চাঁদা দাবি করে। না হলে তার বিরুদ্ধে সংবাদ প্রচার করবে বলে হুমকি দেয়। র্যাব জানতে পেরে ওই হোটেলে অভিযান চালায়।”
তিনি বলেন, একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয় দিয়ে দেওয়ার পর ওই টিভি চ্যানেলের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, প্রতারণা এবং চাঁদাবাজির অভিযোগে কয়েকমাস আগেই তারা ইকবাল হোসেনকে চাকরিচ্যুত করেছে।
“প্রতারক দুইজন ‘প্রাণের বাংলাদেশ, স্বাধীন সংবাদ, বি ডাব্লিউ নিউজ, প্রথম বেলা, ডেইলি নিউজসহ’ আরও কয়েকটি সংবাদপত্রের কর্মী পরিচয় দিয়ে বেড়াত।”
হল-মার্কের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মালেক একজন ঋণ খেলাপি।
